মেসি-নয়্যারের সঙ্গে খেলতে চান রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যালন ডি’অরের আগ মুহূর্তে আয়োজিত সংবাদ সম্মেলনে একসঙ্গে রোনালদো-মেসি-নয়্যার ছবি: এএফপি।
ব্যালন ডি’অরের আগ মুহূর্তে আয়োজিত সংবাদ সম্মেলনে একসঙ্গে রোনালদো-মেসি-নয়্যার ছবি: এএফপি।

তখনো ব্যালন ডি’অর ঘোষণার অনুষ্ঠান শুরু হতে কিছুটা সময় বাকি। পার্টি পোশাক গায়ে চড়াননি রোনালদো-মেসি-নয়্যারদের কেউই। অনানুষ্ঠানিক বেশেই তিন তারকা মুখোমুখি হলেন সাংবাদিকদের। অনেক প্রশ্নের মধ্যে সেই সংবাদ সম্মেলন রোনালদো মাত করেছেন একটি বাক্যেই, মেসি-নয়্যারের সঙ্গে এক দলে খেলার ব্যাপারটি বিশ্বসেরা ফুটবলারের কণ্ঠে ঝরেছে আকুতির সঙ্গেই।
প্রশ্নটি ছিল তিনজনের কাছেই। অতীতের কোন ফুটবলারের সঙ্গে খেলার স্বপ্ন লালন করেন তাঁরা—এমন প্রশ্নের উত্তরে মেসি বলতে চাননি কারও নামই। নয়্যারও হেঁটেছেন কূটনৈতিক পথে। হয়তো এমন প্রশ্নের সরাসরি উত্তর দেওয়াটা তাঁদের কাছে ঝুঁকিপূর্ণই মনে হয়েছে! কিন্তু উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে রোনালদো জানিয়ে দেন, ‘ফুটবলে অতীত বলতে কিছু নেই। সবই বর্তমান। সন্দেহ নেই অতীতেও অনেক গ্রেট ফুটবলার ছিলেন। কিন্তু আমি বর্তে যাব যদি বর্তমানের দুই সেরা মেসি আর নয়্যারের সঙ্গে একদলে খেলতে পারি।’
রোনালদোর এমন উত্তরের পর মেসিকে কিছু বলতেই হলো। বলতে হলো নয়্যারকেও। নিজেকে কিছুটা আনুষ্ঠানিকতার মোড়কে বেঁধেই মেসি জানালেন, ‘আমি সব সময়ই পৃথিবী-বিখ্যাত ফুটবলারদের সঙ্গে খেলতে চাই। বর্তমান প্রেক্ষাপটে রোনালদোর সঙ্গে একসঙ্গে খেলাটা একটু কঠিনই। আমরা সম্পূর্ণ দুই মেরুর দুই দলে খেলি। তবে এটা ঠিক, যেহেতু আমি বিশ্বসেরা ফুটবলারদের সঙ্গে খেলতে ভালোবাসি আর রোনালদো তেমনই একজন, তাই একদলে খেলতে আমার অন্তত কোনো আপত্তি নেই।’
নয়্যারের কূটনৈতিক উত্তর শুনুন, ‘অতীতের অনেক গ্রেট তারকাদের আদর্শ ভেবেই আমি বেড়ে উঠেছি, ফুটবলার হয়েছি। অতীতে অবশ্যই আমার স্বপ্নের তারকা আছে, কিন্তু তাঁদের মধ্য থেকে মাত্র একজনকে বেছে নেওয়াটা আমার জন্য বেশ কঠিনই। আমি চিরদিনই সফল দলে খেলতে চেয়েছি। ফুটবলার হিসেবে সাফল্য চেয়েছি।’ সূত্র: মার্কা, গোল ডটকম।