মেসি-নেইমার জাদুতে জিতল বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি-নেইমার জুটিতে জিতল বার্সা। ছবি: রয়টার্স
মেসি-নেইমার জুটিতে জিতল বার্সা। ছবি: রয়টার্স

গতকাল সংবাদ সম্মেলনে লুইস এনরিকে সরাসরি কিছু বলেননি। তবে আকারে-ইঙ্গিতে যা বোঝালেন, তাতে সাংবাদিকেরা ধরে নিলেন শুরু থেকেই আজ হয়তো মাঠে নামবেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। কিন্তু বাস্তবে তা হলো না। এনরিকে শুরুতে আস্থা রাখলেন আরেক তরুণ তুর্কি মুনির এল হাদ্দাদির ওপর। কিন্তু হতাশ করলেন এ বার্সা ফরোয়ার্ড। অগত্যা ৬৩ মিনিটে মাঠে নামলেন নেইমার। ব্যস, জমে গেল!

লিওনেল মেসি-নেইমার জুটির রসায়নটা মাঠে ঠিকঠাক জমে গেলে কি হয়? প্রতিপক্ষের কম্মসারা হয়ে যায়! হয়েছেও তা-ই! ন্যু ক্যাম্পে মেসি-নেইমার জুটির জাদুতে ২-০ গোলে অ্যাটলেটিকো বিলবাওকে হারাল বার্সেলোনা। দুটি গোলই এসেছে নেইমারের পা থেকে। আর দুটি গোলের মূল জোগানদাতা মেসি।
প্রথমার্ধে অবশ্য বেশ কিছু গোলের সুযোগ হাতছাড়া করেছে বার্সা, বিশেষ করে মুনির। তবে শেষমেশ বিজয়ের আনন্দ নিয়েই মাঠ ছেড়েছেন এনরিকের ছাত্ররা। আর সেটা মেসি-নেইমার জুটির কল্যাণেই। পাঁচ মিনিটের ব্যবধানে ম্যাচের চেহারা বদলে গিয়েছে। ৭৯ ও ৮৪ মিনিটে মেসির বাড়িয়ে দেওয়া বল দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে এগিয়ে নিয়েছেন ব্রাজিলীয় সেনশেসন।
এ বিজয়টা দরকারও ছিল বার্সার। ১১৫ বছরের রীতি ভেঙে কাতালান পতাকার সঙ্গে মিল রেখে নকশা করা মৌসুমের তৃতীয় বিকল্প জার্সি পরে ঘরের মাঠে খেলতে নেমেছিল বার্সা। শোনা যাচ্ছে, কাতালানদের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন জানাতেই নাকি ক্লাব কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত। ফলে এ জয় কাতালানদের আত্মবিশ্বাস বাড়াতে কিছুটা হলেও সাহায্য করবে।