মেসি-নেইমার যুগলবন্দিতে জয়ী বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভায়োকানোর বিপক্ষে মেসি
ভায়োকানোর বিপক্ষে মেসি

প্যারিস সেন্ট জার্মেইঁয়ের (পিএসজির) বিপক্ষে হারের ধাক্কাটা লা লিগায় সামলেছে বার্সেলোনা। গতকাল তারা রয়ো ভায়োকানোর বিপক্ষে জিতেছে ২-০ ব্যবধানে। মেসি-নেইমারের দুই গোলে আসা এই স্বস্তির জয়ে ১৯ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষেই আছে বার্সেলোনা। 
খেলার শুরুতে ভায়োকানোর প্রতিরোধ ছিল কিন্তু সেই প্রতিরোধ ভেঙে বার্সেলোনার করা দুই গোল অনেক আগেই ম্যাড়মেড়ে করে দেয় খেলাটি। তবে নয়জনী ভায়োকানোর বিপক্ষে বার্সেলোনা ফরোয়ার্ডদের গোল মিসের মহড়া কোচ লুইস এনরিকের কপালে চিন্তার রেখা তৈরি করতে বাধ্য। খেলার শেষ দিকে লিওনেল মেসি একাই তিনটি গোলের সুযোগ নষ্ট করেন। জাভির একটি ফ্রি-কিক বারপোস্টের ওপর দিয়ে চলে যায়।
খেলার ১৪ মিনিটে মেসির একটি প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়। নেইমারের বাড়ানো বল বুক দিয়ে নিয়ন্ত্রণ নিয়ে গোলে শট নিয়েছিলেন মেসি। কিন্তু ভায়োকানো গোলরক্ষক তা কর্নারের বিনিময়ে রক্ষা করেন। ম্যাচের প্রথম সুযোগটি অবশ্য পেয়েছিল ভায়োকানোই। ম্যাচের ৯ মিনিটের সময় বক্সের বাইরে থেকে আলবার্তো বুয়েনোর নেওয়া একটি আচমকা নিচু শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন বার্সা গোলরক্ষক ক্লদিও ব্রাভো।
৩২ মিনিটে মেসির একটি গোল রেফারি বাতিল করে দেন অফসাইডের অজুহাতে।
৩৫ মিনিটেই বার্সেলোনাকে ১-০ গোলে এগিয়ে দেন মেসি। জেরার্ড পিকের বাড়ানো বল ভায়োকানো ডিফেন্ডারদের জটলর মধ্য থেকে বাঁ পায়ের সুন্দর শটে জালে জড়ান আর্জেন্টাইন তারকা। এই গোলে স্প্যানিশ লিগে নিজের নামের পায়ে ২৪৯ সংখ্যাটি লেখা হয়ে গেল মেসির। আর মাত্র দুটি গোল করলেই তিনি পাশে বসবেন লা লিগার সর্বকালের সর্বোচ্চ স্কোরার তেলমো জারার।
মেসির গোলের এক মিনিট পরেই বার্সেলোনাকে আরও এগিয়ে দেন নেইমার। মুনির এর হাদ্দাদির বাড়ানো থ্রু অফসাইডের ফাঁদ ভেঙে ধরে ভায়োকানো গোলরক্ষককে বোকা বানান নেইমার। বিরতির ঠিক আগ দিয়েই ৩ গোলে এগিয়ে যেতে পারতো বার্সেলোনা। কিন্তু তরুণ মুনির ভায়োকানো গোলরক্ষককে একা পেয়েও বল জালে ঠেলতে পারেননি।
কালকের ম্যাচেই লা লিগায় সর্বোচ্চ সময় গোল না খেয়ে থাকার রেকর্ড গড়েছেন বার্সেলোনা গোলরক্ষক ব্রাভো। এর আগের রেকর্ডটি ছিল ১৯৭৭-৭৮ মৌসুমে এই বার্সেলোনারই গোলরক্ষক মারিয়া আরতোলার।
ছবি: এএফপি।