মেসি-নেইমারদের সৌজন্যে রেকর্ড বইয়ে ওলটপালট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমএসএন ত্রয়ী এই মৌসুমে করেছে ১২২ গোল! ছবি: এএফপি
এমএসএন ত্রয়ী এই মৌসুমে করেছে ১২২ গোল! ছবি: এএফপি

ফুটবল ঠিক ক্রিকেটের মতো নয়। ক্রিকেট মানেই তো পরিসংখ্যান আর রেকর্ড। কিন্তু মেসি-রোনালদো যুগে ফুটবল সাংবাদিকদেরও রেকর্ড নিয়ে ঘাঁটাঘাঁটি বিস্তর করতে হয়েছে। তাতে অবদান রেখেছে বার্সেলোনাও। গত দশ বছরে চারবার চ্যাম্পিয়নস লিগ জয়, সাতটি স্প্যানিশ লিগ, এক পঞ্জিকাবর্ষে ছয় ট্রফির সবগুলো জেতার কীর্তির পর ইতিহাসের প্রথম দল হিসেবে ‘ডাবল ট্রেবল’ জিতল কাল।
আসুন দেখে নিই, রেকর্ড বইয়ে এর মধ্যে কী কী ওলটপালট হলো:
* রাকিটিচের গোলটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালের তৃতীয় দ্রুততম গোল। এর চেয়ে কম সময়ে গোল করেছেন পাওলো মালদিনি (প্রথম মিনিট, ২০০৫) ও গাইজকা মেনদিয়েতা (তৃতীয় মিনিট, ২০০১)।
* এই প্রথম একই মৌসুমে একই দলের দুই খেলোয়াড় দশ কিংবা তারও বেশি গোল করল (মেসি ও নেইমার)।
* প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি ফাইনালে গোল সহায়তা (অ্যাসিস্ট) করলেন ইনিয়েস্তা (২০০৯, ২০১১ ও ২০১৫)।
* সেমিফাইনালের দুই লেগেই গোলের পর ফাইনালেও গোল করা দ্বিতীয় খেলোয়াড় মোরাতা। ২০১২-১৩ মৌসুমে করে​ছিলেন আরিয়েন রোবেন।
* ২০১৪-১৫ মৌসুমে এমএসএন-ত্রয়ীর গোলসংখ্যা ১২২-এ গিয়ে থামল। আগের রেকর্ডটি ছিল রোনালদো-হিগুয়েইন-বেনজেমা ত্রয়ী​র ১১৮।
* জুভেন্টাসের মতো এতবার আর কোনো দল ফাইনালে হারেনি (এ নিয়ে ছয়বার)।
* জুভেন্টাস তাদের সর্বশেষ চারটি ফাইনালেই হেরেছে।
* বার্সেলোনা তাদের সর্বশেষ চারটি ফাইনালেই জিতেছে।
* ১৫১ ম্যাচ খেলে চ্যাম্পিয়নস লিগ থেকেও বিদায় নিলেন জাভি। সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড।
* ১৯৯০ সালের পর টানা দুবার চ্যাম্পিয়ন হয়নি কোনো ক্লাব। শুধু তা-ই নয়, ১৯৯০ সালের পর এই একই দেশের দুই ক্লাব টানা চ্যাম্পিয়ন হলো (রিয়াল ও বার্সা)। সর্বশেষ টানা দুবার ইউরোপিয়ান কাপ জিতেছিল ইতালির এসি মিলান (১৯৮৯ ও ১৯৯০)।
* ইউরোপের ক্লাব ফুটবলে অষ্টমবারের মতো ট্রেবল (একই মৌসুমে লিগ, কাপ ও চ্যাম্পিয়নস লিগ জেতা) জেতার ঘটনা ঘটল। বার্সা প্রথম ক্লাব যারা এই কৃতিত্ব দুবার করে দেখাল (২০০৮-০৯ ও ২০১৪-১৫)।