মেসি-বাণে বিদ্ধ আর্সেনাল

এমিরেটসে ম্যাচের অনেকটা সময় ধরেই বিবর্ণ ছিল বার্সেলোনা। সেই তারাই পরে ২-০ গোলে আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে বলতে গেলে এক পা দিয়েই রাখল। বায়ার্ন মিউনিখের জন্যও এমনটা প্রায় ঘটেই গিয়েছিল, জুভেন্টাসের মাঠে ২-০ গোলে এগিয়েও গিয়েছিল তারা। শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে জুভরা। তারপরও মূল্যবান দুটি ‘অ্যাওয়ে’ গোল শেষ আটে ওঠার লড়াইয়ে এগিয়ে রাখছে বায়ার্নকেই। পরশুর এই দুটি বারুদে ম্যাচেরই কিছু টুকরো টুকরো ছবি—
মেসির ছুমন্তর!
বেশ কিছু হিসাব-নিকাশ বাকি ছিল লিওনেল মেসির। এর আগে ছয়বারের দেখায় গোলকিপার পিওতর চেকের বিপক্ষে একবারও গোল পাননি। লন্ডনে কোনো ক্লাবের মাঠে গোল না পাওয়ার আক্ষেপ তো ছিলই। শেষ পর্যন্ত ‘চেক-মেট’ করলেন মেসি, তা-ও দুবার। ৭১ মিনিটের প্রথম গোলটা ‘এমএসএন’ ত্রয়ীর দুর্দান্ত ত্রিতালের ফসল। সুয়ারেজ-নেইমারের বল দেওয়া-নেওয়ার পর মেসি তুলিতে দিয়েছেন শেষ টান। ৮৪ মিনিটে পেনাল্টি আদায় করে নিজেই সেটি থেকে করেছেন গোল।
হতাশ ওয়েঙ্গার
কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্নটা হয়তো শেষই হয়ে গেল আর্সেনালের। আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারের হতাশা এখানেই যে, বার্সাকে বাগে পেয়েও ভালো কিছু করা গেল না। সুযোগগুলো কাজে লাগাতে পারলে আর্সেনালই তো জেতে! লুইস এনরিকের বার্সা এই প্রথম চ্যাম্পিয়নস লিগের কোনো ম্যাচে প্রথমার্ধে একটা শটও পোস্টে রাখতে পারেনি! চেম্বারলেইন-জিরুরা সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচ শেষে ওয়েঙ্গারের মুখে হাসিই থাকে। শেষ পর্যন্ত আর্সেনাল কোচ হতাশা চেপে রাখেননি, ‘আমি খুবই হতাশ। ব্যাপারটা একদমই মেনে নিতে পারছি না। সবাই জানে ওরা আমাদের চেয়ে ভালো, অথচ আরেকটু সুশৃঙ্খল হলে আমরাই জয় নিয়ে মাঠ ছাড়তে পারতাম।’
এখনো সতর্ক বার্সা
প্রতিপক্ষের মাঠে গিয়ে ২-০ গোলের জয়, নিজেদের মাঠে ফিরতি ম্যাচটি বার্সার কাছে অনেকটা আনুষ্ঠানিকতাই হয়ে উঠছে। আর্সেনাল ওয়েঙ্গারও মানলেন, ‘বার্সার ৯৫ শতাংশ কাজ শেষ।’ তবে লিওনেল মেসি কিন্তু বেশ সতর্ক, ‘আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি, কিন্তু এখনো কিছুই শেষ হয়ে যায়নি। আর্সেনাল সবকিছুই করতে পারে। ঘরের বাইরে ২ গোল দিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটাই শেষ কথা নয়।’ এনরিকেও সেটাই বললেন, ‘ফলটা ভালো, কিন্তু এখনো কিছুই ঠিক হয়নি।’
পিকের কার্ড-রহস্য!
ম্যাচের তখন ৮০ মিনিট। পার্শ্বরেখায় দাঁড়িয়ে জেরার্ড পিকেকে কিছু একটা বললেন বার্সা কোচ লুইস এনরিকে। ঠিক ৮০ সেকেন্ড পর ড্যানি ওয়েলবেককে অহেতুক ফাউল করে হলুদ কার্ড দেখলেন বার্সার সেন্টারব্যাক! দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকেই অনুমান করে ফেললেন, কোচের নির্দেশে পিকে ইচ্ছা করে কার্ড দেখেছেন। ওই হলুদ কার্ডেই এক ম্যাচ নিষেধাজ্ঞা জুটেছে পিকের। ন্যু ক্যাম্পে পরের লেগে দর্শক হয়ে থাকতে হবে তাঁকে, কিন্তু কোয়ার্টার ফাইনালে নামতে পারবেন একেবারে তরতাজা ও নির্ভার হয়ে। এনরিকে অবশ্য পিকের হলুদ কার্ড দেখার মধ্যে ‘অন্য রকম কিছু’ দেখেননি। তবে প্রশ্ন হলো, পিকে ওই সময় অহেতুক ফাউলটা করলেন কেন?
বদলির জাদু
কোচ হিসেবে মাসিমিলিয়ানো আলেগ্রির দুর্দান্ত টেকটিশিয়ান হিসেবে খুব খ্যাতি নেই। কিন্তু বায়ার্ন মিউনিখের বিপক্ষে তাঁর সবগুলো বদলিই দারুণভাবে কাজে লেগে গেছে। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে মার্কিসিওর জায়গায় নেমেছেন হার্নানেস। মধ্যমাঠেও নিজেদের নিয়ন্ত্রণটা একটু হলেও ফিরে পেয়েছে জুভেন্টাস। অথচ গত অক্টোবরের পর থেকে হার্নানেস মাত্র ছয়টি ম্যাচ খেলেছেন। দুই গোল পিছিয়ে পড়ার পর স্যামি খেদিরা ও পাওলো দিবালার জায়গায় আলেগ্রি নামিয়েছেন স্টেফানো স্টুরারো ও আলভারো মোরাতাকে। মোরাতার ক্রসে জুভেন্টাসের দ্বিতীয় গোলটা করেছেন স্টুরারো।
দিবালা আসছেন
তাঁকে বলা হচ্ছে আর্জেন্টিনার পরের প্রজন্মদের সবচেয়ে সম্ভাবনাময়দের একজন। পাওলো দিবালা ২২ বছর বয়সেই জুভেন্টাসে নিজের জায়গা পাকাপাকি করে ফেলেছেন। সিরি ‘আ’তে এই মৌসুমে ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল তাঁর। চ্যাম্পিয়নস লিগে প্রথম গোলের জন্য সময়টা এর চেয়ে ভালো আর হতে পারত না। জুভেন্টাস যখন ২-০ গোলে পিছিয়ে, দিবালার গোলটা ব্যবধান কমিয়েছে।
বায়ার্নের ‘সম্মান’
২ গোলে এগিয়ে যাওয়ার পরও ড্র করে বায়ার্নের একটু হতাশা থাকতেই পারে। তবে ম্যানুয়েল নয়্যার কিন্তু উল্টো সেটাকেই বড় করে দেখছেন, ‘জুভেন্টাস গত চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলেছে, টানা চারটি সিরি ‘আ’ জিতেছে। এই মৌসুমেও টানা ম্যাচ জিতছে। গত বছর আমাদের চেয়েও ভালো করেছিল তারা। ওরা তো কোনো পাড়ার দল নয়। এটাকে লজ্জা বলুন আর যা-ই বলুন, আমি সন্তুষ্ট।’ এএফপি, উয়েফাডটকম।