মেসি-রোনালদো সম্পর্ক নিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁরা দুজন l ফাইল ছবি
তাঁরা দুজন l ফাইল ছবি

এই তো কিছুদিন আগের এল ক্লাসিকোতেই দুজন হাত মিলিয়েছেন ম্যাচ শেষে। ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি দুজনের মুখেই ছিল হাসি। আর শুধু এল ক্লাসিকো কেন, কালেভদ্রে যখনই দেখা হয়েছে দুজনের, কেউ কারও সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন—এমন দাবি কেউ করতে পারবে না। বরং সংবাদমাধ্যমে যখনই দুজনকে পারস্পরিক সম্পর্ক নিয়ে কথা বলতে হয়েছে, মেসি সম্মান দিয়েছেন রোনালদোকে; রোনালদোও খাটো করেননি তাঁর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে। কয়েক দিন পরই গুগলের একটি পণ্যের বিজ্ঞাপনেও প্রথমবারের মতো একই সঙ্গে অংশ নেওয়ার কথা দুজনের।
কিন্তু এ সবই কি লোক দেখানো? পারস্পরিক এই শ্রদ্ধা শুধু বাইরের, ভেতরের নয়? স্প্যানিশ ফুটবল বিশেষজ্ঞ ও কলামিস্ট গিলেম বালাগের কথা শুনলে সে রকমই মনে হবে। নিজের নতুন বই মেসি-তে বালাগ দাবি করেছেন, রোনালদো নাকি সতীর্থদের সঙ্গে কথা বলার সময় খুবই আপত্তিকর নামে ডাকেন মেসিকে। রিয়াল মাদ্রিদ খেলোয়াড়েরাও নিজেদের মধ্যে মেসিকে নিয়ে নানা অশোভন রসিকতা করেন। রীতিমতো বিস্ফোরক তথ্য! আর স্বভাবতই এটি এরই মধ্যে রোনালদোর কানেও পৌঁছেছে। পর্তুগিজ উইঙ্গার জোর গলায় এটি অস্বীকার করেছেন। এমনকি হুমকি দিয়েছেন বালাগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার।
স্প্যানিশ ফুটবল লেখক বালাগ দীর্ঘদিন ধরেই লা লিগার একনিষ্ঠ অনুসারী। স্প্যানিশ ও ব্রিটিশ সংবাদমাধ্যমে নিয়মিত লেখেন, স্কাই স্পোর্টসে লা লিগা নিয়ে একটা নিয়মিত অনুষ্ঠানও করেন। স্প্যানিশ লিগের অনেক ফুটবলারের সঙ্গে তাঁর জানাশোনা। অন্দরমহলের অনেক খবর তাঁর জানা থাকতেই পারে। মেসি বইটিতেও সে রকমই কিছু চমকপ্রদ তথ্য দিয়েছেন তিনি। তবে শোরগোল উঠেছে মেসি-রোনালদোর সম্পর্ক নিয়ে তাঁর দেওয়া বেশ কিছু তথ্যে।
সময়ের দুই সেরা ফুটবলারের সম্পর্কটা বোঝাতে গিয়ে বালাগ লিখেছেন, ‘রোনালদোর জোরালো শট আর হেডের তারিফ করে মেসি। তবে দুজনের মধ্যে তুলনার বিষয়টি নিয়ে বিরক্ত সে। রোনালদোও যে এটা পছন্দ করে না সেটা সে বুঝতে পারে।’ এ নিয়ে রোনালদোর মনোভাবটা বোঝাতে গিয়ে বালাগ রিয়াল উইঙ্গারেরই একটা কথা তুলে দিয়েছেন বইয়ে, ‘মেসি আর আমি দুজনই আলাদা, ফেরারি আর পোরশের মতো।’
এটুকু নিয়ে বিতর্ক নেই। বিতর্ক হচ্ছে বালাগের পরের কথাগুলো নিয়ে। স্প্যানিশ এই সাংবাদিক লিখেছেন, ‘সম্ভবত আরও অনেক ফুটবলারের মতো রোনালদোও অপরিণতিবোধ থেকেই মনে করে, মেসির ব্যাপারে সতীর্থদের সামনে সব সময় সাহসী মনোভাব দেখাতে হবে, মেসিকে ভয় পেলে চলবে না, এভাবেই চ্যালেঞ্জটার মুখোমুখি হতে হবে।’
বালাগের দাবি, সে জন্যই নাকি সতীর্থদের সঙ্গে কথা বলার সময় রোনালদো মেসিকে খুবই অশ্লীল নামে ডাকেন। এসব তিনি নাকি জেনেছেন রিয়াল মাদ্রিদেরই কয়েকজন খেলোয়াড়ের কাছ থেকে! লেখকের মতে, সবই রোনালদোর ভীষণ রকমের পৌরুষের প্রদর্শন, সবই বানোয়াট। এমনকি রিয়ালের ড্রেসিরুমে আরও নানাভাবে মেসিকে অপমান করা হয় দাবি করে বালাগ লিখেছেন, ‘রিয়ালের খেলোয়াড়েরা কৌতুক করে মেসিকে রোনালদোর কুকুর বা পুতুল কিংবা রোনালদোর হাতব্যাগে রাখা আর সব সামগ্রীর সঙ্গে তুলনা করে। অথবা আরও খারাপ কিছু।’
ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ-এ প্রকাশিত বইয়ের এই অংশটকু তোলপাড় তুলেছে ফুটবলবিশ্বে। এটি কানে গেছে রোনালদোরও। তারই প্রতিক্রিয়ায় পরশু ফিফা বর্ষসেরা ফুটবলার তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘আমি মেসি সম্পর্কে আপত্তিকর কথা বলেছি এমন খবর ছড়াচ্ছে। এটা একেবারে ডাহা মিথ্যে। আমি নিশ্চিত করে বলতে চাই, এর খবর যিনি ছড়াচ্ছেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমার আইনজীবীকে নির্দেশ দেওয়া হয়েছে। আমার সকল পেশাদার সহকর্মীর জন্যই আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে এবং মেসিও এর ব্যতিক্রম নয়।’
রোনালদোর এই কথায় মেসি কি স্বস্তি পাবেন? দ্য টেলিগ্রাফ।