মেসি-রোনালদোকে ছাপিয়ে গ্রিজমান

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় এসেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে পেছনে ফেলে মর্যাদাপূর্ণ পুরস্কারটি জিততে পারবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে একটি জায়গায় মেসি-রোনালদোকে ঠিকই পেছনে ফেলেছেন আতোয়াঁ গ্রিজমান। দুজনকেই হারিয়ে তিনি জিতে নিয়েছেন ২০১৫-১৬ মৌসুমের লা লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার। জিতেছেন ‘দর্শকপ্রিয়’ ফুটবলারের খেতাবটিও। সোমবার লা লিগার বর্ষসেরার পুরস্কারের রাতে অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনেও জিতেছেন পুরস্কার। হয়েছেন ২০১৫-১৬ মৌসুমের লা লিগার সেরা কোচ। বার্সেলোনার লুইস সুয়ারেজের কাছে গেছে লা লিগার সেরা অ-ইউরোপীয় ফুটবলারের খেতাব। ভ্যালেন্সিয়ায় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চে উঠতে হয়েছে মেসিকেও। তাঁকে দেওয়া হয়েছে লা লিগার সেরা ফরোয়ার্ডের পুরস্কারটি। তবে পুরো অনুষ্ঠানেই ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের জয়জয়কার। গ্রিজমান ও সিমিওনের সঙ্গে লিগের সেরা গোলকিপার, সেরা ডিফেন্ডারের পুরস্কারও উঠেছে অ্যাটলেটিকোর ইয়ান ওবলাক ও ডিয়েগো গডিনের হাতে।
রোনালদো কিছু পাননি, খালি হাতে ফিরেছেন সার্জিও রামোস, গ্যারেথ বেলরাও। তবে রিয়ালের জন্য সান্ত্বনা হয়ে এসেছে লুকা মডরিচের সেরা মিডফিল্ডার হওয়ার পুরস্কারটি। সূত্র: এএফপি।