মেসি-রোনালদোকে ভোটের ব্যালট পোড়া সিগারেট!

‘আমরা সিগারেট। তোমরা আমাদের বাঁচতে দাও না কেন? আমাদের কেন নিঃশেষ করো পুড়িয়ে? কেন এত স্বল্প-স্থায়ী আমাদের আয়ু।’
সিগারেটের আকুতি এভাবে তুলে এনেছিলেন কবি সুকান্ত ভট্টাচার্য। মানুষ সিগারেট পোড়ায়, নাকি সিগারেটই মানুষের ফুসফুস পোড়াচ্ছে—এ নিয়ে তর্ক-বিতর্ক এক পাশে সরিয়ে রাখতে পারেন। সিগারেটের পোড়া ফিল্টারের জীবন যে আপাতত ‘ধন্য’ হতে চলেছে। মেসি সেরা নাকি রোনালদো—এই অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজতে যে ব্যবহার করা হচ্ছে সিগারেটের পোড়া ফিল্টার!
বুদ্ধিটা এসেছে পরিবেশবাদী সংগঠন হাববাবের মাথায়। লন্ডনের পথেঘাটে সিগারেটের উচ্ছিষ্ট পড়ে থাকে। সেই উচ্ছিষ্ট কমানোর জন্য হাববাব বের করেছে দারুণ এক বুদ্ধি। শহরের সবখানে বসানো হয়েছে বিশেষ ধরনের বাক্স। চলতি পথে চোখে পড়বে এই হলুদ বাক্সগুলো। বাক্সগুলোর গায়ে আছে খেলাধুলার নানা প্রশ্ন।
একটিতে যেমন লেখা, বিশ্বের সেরা কে? রোনালদো নাকি মেসি? ধরুন আপনি মনে করেন রোনালদোই সেরা। আপনাকে যেটা করতে হবে, সিগারেটের পোড়া ফিল্টার পথে না ফেলে রোনালদোর নামের পাশে ছোট্ট ছিদ্র আছে, সেখানে ফেলুন। আর যদি মনে করেন মেসি সেরা, ফিল্টারটি ফেলে দিন মেসির বাক্সে। আপনার পছন্দের কথা জানানো হলো, শহরটাও পরিচ্ছন্ন থাকল।
এ রকম নানা প্রশ্ন করা হচ্ছে। যেমন অ্যাশেজের পঞ্চম টেস্টটি কে জিতবে? ইংলিশ প্রিমিয়ার লিগে লন্ডন ডার্বি জিতবে কে? কোনটি দেখতে আপনি বেশি পছন্দ করেন—ইতালিয়ান গ্রাঁ প্রিঁ নাকি ইউএস ওপেন টেনিস? মেসি-রোনালদোর মতো চিরন্তন প্রশ্ন যেমন আছে, কিছু কিছু প্রশ্ন আবার সাম্প্রতিক বিষয় নিয়েও। যে প্রশ্নগুলো নিয়মিত হালনাগাদও করা হচ্ছে।
বুদ্ধিটা মন্দ নয়। পোড়া সিগারেটের ব্যালটের এই ভোটে অবশ্য দেখা যাচ্ছে, মেসির চেয়ে রোনালদোর বাক্সেই ‘ভিড়’ জমেছে বেশি! সূত্র: মেইল অনলাইন।