মেসি-রোনালদোর কাছাকাছি হাল্ক-পেল্লে!

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি বেতন পান কোন ফুটবলার? ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি প্রথম দুইয়ে থাকবেন, সেটা প্রত্যাশিতই। কিন্তু তিনে কে আছে, তাঁর নামটা অনুমান করুন তো? নেইমার, গ্যারেথ বেল, লুইস সুয়ারেজ, ইব্রাহিমোভিচের কথা হয়তো মনে আসতে পারে। কিন্তু তাঁদের চেয়েও বেশি বেতন পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হাল্ক। সেটাও সম্ভব হয়েছে চীনে পাড়ি জমানোর জন্য! তার চেয়ে বড় চমক, সবচেয়ে বেশি বেতনের শীর্ষ দশ খেলোয়াড়ের চারজনই এখন খেলেন চীনা ফুটবল লিগে।
হাল্ক সপ্তাহখানেক আগে রাশিয়ার ক্লাব জেনিত থেকে পাড়ি জমিয়েছেন চীনের ক্লাব সাংহাই এসআইপিজিতে। সাংহাই সেজন্য কত খরচ করেছে জানেন? ৫ কোটি ৫০ লাখ ইউরো! আর হাল্ক নিজে বছরে বেতন পাবেন ২ কোটি ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৭৪ কোটি টাকা। যার অর্থ হাল্কের মাসিক বেতন প্রায় সাড়ে ১৪ কোটি টাকা! মেসি এর কাছাকাছিই পান, এই দুজনের চেয়ে বেশি বেতন শুধুই রোনালদোর!
চীনে তারকা ফুটবলারদের মিছিলে সর্বশেষ যোগ দিয়েছেন গ্রাজিয়ানো পেল্লে। ইউরোতে ইতালির হয়ে দুই গোল করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব সাউদাম্পটনেও সবচেয়ে বেশি বেতন ছিল তাঁর, তবে সেখানে বছরে পেতেন ৮০ লাখ ইউরো। সেই অঙ্কটা এক ধাক্কায় হয়ে গেছে দ্বিগুণ। চীনের ক্লাব শেনডন লুনেং তাঁকে কিনে নিয়েছে ১ কোটি ৫০ লাখ ইউরোতে। বয়স এখন ৩০, ইউরোপের শীর্ষ লিগগুলোতে অনায়াসে খেলে যেতে পারতেন। কিন্তু অর্থযোগের হাতছানিতে আরও অনেক ফুটবলারের পথ ধরে পেল্লে চীনকেই করছেন ঠিকানা।
হাল্ক-পেল্লে মাত্রই চীনে এসেছেন, শীর্ষ দশের বাকি গেছেন আরও আগে। গত ফেব্রুয়ারিতে এজেকিয়েল লাভেজ্জি পিএসজি থেকে পাড়ি জমিয়েছেন হেবেই চায়না ফরচুনে। সেখানে বছরে তাঁর বেতন ১ কোটি ৩০ ইউরো। জ্যাকসন মার্টিনেজ অবশ্য অত পান না, গুয়াংজু এভারগ্রান্দের স্ট্রাইকার বছরে পাচ্ছেন ১ কোটি ২০ লাখ ইউরো। ফুটবল বিশ্বে তাঁর চেয়ে বেশি বেতন পান মাত্র আটজন ফুটবলার!