মেসি-রোনালদো দুজনকেই দেওয়া হোক ব্যালন ডি'অর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি-রোনালদো দুজনের হাতেই এবার ব্যালন ডি’অর দেখতে চান ল। ফাইল ছবি
মেসি-রোনালদো দুজনের হাতেই এবার ব্যালন ডি’অর দেখতে চান ল। ফাইল ছবি

কেউ বলেন লিওনেল মেসি। কেউ ক্রিস্টিয়ানো রোনালদো। কয়েক বছর ধরে ব্যালন ডি’অরের সময় ঘনিয়ে এলে পুরো ফুটবল বিশ্ব যেন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তবে একেবারেই অন্য কথা বললেন ডেনিস ল। নামের মধ্যে ‘ল’ আছে বলেই হয়তো একেবারে আইনের মতো নিরপেক্ষ অবস্থান নিয়ে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা বলছেন, আলাদা করে নয়, এবার দুজনকেই একই সঙ্গে দেওয়া হোক ব্যালন ডি’অর।
১৯৬৪ সালের ব্যালন ডি’অর বিজয়ী এই স্কটিশ ম্যানুয়েল নয়্যারেরও প্রশংসা করেছেন। তবে এ-ও বলেছেন, নয়্যারসহ বাকি খেলোয়াড়দের এক রকম দুর্ভাগ্যই, তাঁরা মেসি-রোনালদোর যুগে জন্মেছেন। ৭৪ বছর বয়সী ল বলেছেন, ‘তারা অনন্য, অসাধারণ। আমাদের দেখা সর্বকালের সেরা দুই খেলোয়াড়। এই দুজনকে ভোট দিয়ে যারা আলাদা করে, তাদের আমি মোটেও সমীহ করি না। আমি যে সময়ে খেলেছি, সে সময়ের তুলনায় এটি একেবারেই আলাদা একটা যুগ, যেখানে দুজন খেলোয়াড়ই কর্তৃত্ব করছে। সবচেয়ে ভালো হয়, মেসি আর রোনালদোকে যদি যুগ্ম বিজয়ী ঘোষণা করা হয়। কারণ এই বছর এই দুজনকে আলাদা করা একেবারেই কঠিন কাজ। দুজনই দুর্দান্ত, রোমাঞ্চকর খেলোয়াড়। দুজনই একের পর এক গোল করে চলেছে। মেসির কথা যদি ভাবেন, তার উচ্চতার তুলনায় যে ধরনের ট্যাকল ওকে প্রতি ম্যাচে সামলাতে হয়, ওর ওপর শ্রদ্ধা জন্মাবেই। আবার েরানালদোও অসাধারণ, ওর সেই শারীরিক সক্ষমতাও আছে।’
লয়ের আশা অবশ্য শেষ পর্যন্ত পূরণ হবে না। ১২ জানুয়ারি একজনের হাতেই উঠবে ব্যালন ডি’অর ট্রফিটা। আর এই বাস্তবতা বোঝেন বলেই ল বলছেন, ‘এই দুজনের মধ্যে যে জিতবে, সে যোগ্য হিসেবেই জিতবে। কিন্তু যে হারবে, সে হবে খুবই দুর্ভাগা।’ সূত্র: ফিফা।