মেসি-রোনালদো লড়াইয়ে আগ্রহ নেই দর্শকদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি-রোনালদোর লড়াই নিয়ে নির্লিপ্ত দর্শকেরা! ছবি: মার্কা
মেসি-রোনালদোর লড়াই নিয়ে নির্লিপ্ত দর্শকেরা! ছবি: মার্কা

ব্যাপারটা বেশ অদ্ভুতই। ওল্ড ট্র্যাফোর্ডে আজ আর্জেন্টিনা-পর্তুগাল ম্যাচের মোড়কে মেসি-রোনালদোর লড়াই, অথচ এ নিয়ে নাকি দর্শক-আগ্রহ আশাপ্রদ নয়। ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে অনুষ্ঠেয় এই ম্যাচের টিকিট নাকি বিকোয়নি এক-তৃতীয়াংশও!
তাহলে ব্যাপারটা কী দাঁড়াল? বিশ্বের সবচেয়ে প্রার্থিত দুই ফুটবল তারকার মুখোমুখি লড়াই নিয়ে ব্রিটিশ দর্শকেরা আগ্রহী নন! এই দুই তারকাকে নিয়ে বিশ্ব গণমাধ্যমের সাম্প্রতিক চাপান-উতোর, বিভিন্ন ধরনের জল্পনাও ব্রিটিশদের এই লড়াই দেখতে তাতাতে পারছে না! এটা কি জাত্যাভিমান না অন্য কিছু!
সম্প্রতি, গণমাধ্যমে খবর বেরিয়েছে রোনালদো নাকি মেসির নাম উচ্চারণ করতে এমন একটি শব্দ উচ্চারণ করেন যা সভ্য সমাজের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রোনালদো বিষয়টা অস্বীকার করলেও গণমাধ্যমের কল্যাণে মেসি নিশ্চয়ই জেনে গেছেন তা। এমন পরিস্থিতিতে এই দুই তারকার মুখোমুখি দেখাটা কেমন হবে, সেটা নিয়েও তো আগ্রহী হয়ে ওঠার কথা যেকোনো ফুটবলপ্রেমীরই। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ নিয়ে যেসব তথ্য আসছে, তা আশাবাদী করতে পারছে না কাউকেই।
আয়োজকেরা অবশ্য আশাবাদী শেষ মুহূর্তে সব টিকিটই শেষ হয়ে যাবে। শেষ মুহূর্তে দর্শকেরা হামলে পড়বেন মাঠে। কিন্তু প্রস্তুতিলগ্নে দর্শক আগ্রহের এমন হতাশাজনক চিত্র মন খারাপ করিয়ে দিয়েছে তাঁদেরও। সূত্র: মার্কা।