মেসি-রোনালদো হবেন রদ্রিগেজ!
নতুন মৌসুমের জার্সি নম্বর পেয়ে গেছেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা। হামেস রদ্রিগেজের রেখে যাওয়া ১০ নম্বর জার্সিটা উঠছে লুকা মডরিচের গায়ে। রিয়ালে গত মৌসুমে বেশির ভাগ সময়েই বেঞ্চ গরম করেছেন রদ্রিগেজ। কলম্বিয়ান ফরোয়ার্ডকে এবার ধারে বায়ার্ন মিউনিখে পাঠিয়ে দিয়েছে রিয়াল। সেখানে তাঁর গায়ে উঠবে ১১ নম্বর জার্সি। দল বদল হলো, জার্সিও। জার্মানিতে স্বরূপটা কি ফিরে পাবেন রদ্রিগেজ?
ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপটা অসাধারণ কেটেছিল রদ্রিগেজের। মুগ্ধ হয়েছিলেন রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। ৮০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে রদ্রিগেজকে নিয়ে আসেন সান্তিয়াগো বার্নাব্যুতে। কিন্তু রিয়ালের প্রত্যাশা সেভাবে পূরণ করতে পারলেন কই? জিনেদিন জিদান কোচ হয়ে আসার পর তো শুরুর একাদশে সুযোগ পেতেন কালেভদ্রে। গত মৌসুমে মাত্র ১৩ ম্যাচে খেলেছেন শুরুর একাদশে।
দুই বছরের ধারে বায়ার্নে যাওয়াটা তাঁর জন্য হতে পারে ক্যারিয়ার পুনরুজ্জীবিত করার উপলক্ষ। রদ্রিগেজের পরিকল্পনাও সে রকমই। পর্যাপ্ত সুযোগ পেলে লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর মতো করে নিজেকে গড়ে তুলতে পারবেন বলে বিশ্বাস তাঁর, ‘তারা বড় খেলোয়াড়। ভবিষ্যতের জন্য আমি তৈরি। বিশ্ব ফুটবলে আরও ভালো করতে চাই।’
রিয়ালে প্রথম মৌসুমে যাঁর অধীনে খেলেছেন, বায়ার্নে সেই কার্লো আনচেলত্তিই কোচ। এটাই কি রদ্রিগেজকে আশাবাদী করে তুলেছে? কলম্বিয়ার ফরোয়ার্ড অবশ্য মনে করছেন না বায়ার্নেও শুরুর একাদশে জায়গাটা নিশ্চিত, ‘বায়ার্নেও অনেক বড় খেলোয়াড় আছে। জায়গা পেতে হলে লড়াই করতে হবে। অনুশীলনে কঠিন পরিশ্রম করেই জায়গা নিশ্চিত করতে হবে। গত মৌসুমের চেয়ে বেশি খেলতে আর সাফল্য পেতে চাই।’ মার্কা, গোলডটকম।