মেসি-রোনালদোর সঙ্গে নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি , ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার
লিওনেল মেসি , ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার

লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো থাকবেন সেটা একরকম ভবিতব্যই ছিল। ফিফা-ব্যালন ডি’অর চালু হওয়ার পর থেকে একবার ছাড়া প্রতি আসরেই দুজনেই শীর্ষ তিনে ছিলেন। তৃতীয় ব্যক্তি কে হবেন, সেটি নিয়েই বরং কৌতূহল। তাতে ব্রাজিলিয়ানদের একটা আক্ষেপ মিটিয়েছেন নেইমার, ২০০৭ সালের পর এই প্রথম কোনো ব্রাজিলিয়ান যে জায়গা পেলেন সেরা তিনে!
ওই বছর অবশ্য ফিফা বর্ষসেরা পুরস্কার আর ব্যালন ডি’অর একীভূত হয়নি। সেবার এসি মিলানের হয়ে কাকা জিতেছিলেন ব্যালন ডি’অর। সেই হিসেবে নেইমারকে তাই প্রথমই বলা যায়। একটু মন খারাপ হতে পারে লুইস সুয়ারেজের, ‘এমএসএন’ ত্রয়ীর মধ্যে একমাত্র তাঁরই যে সেরা তিনে জায়গা হয়নি! সেটা হলে ২০১০ সালের পর আবারও ‘অল বার্সেলোনা’ লাইনআপ হয়ে যেত!
শেষ পর্যন্ত মেসির পঞ্চম, রোনালদোর চতুর্থ নাকি নেইমারের প্রথম হবে সেটা জানার জন্য ১১ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। বার্সার হয়ে ত্রিমুকুট জয়ের গৌরব আছে মেসি-নেইমারের, মেসি আর্জেন্টিনাকে নিয়ে গেছেন কোপা আমেরিকার ফাইনালে। এবারের পুরস্কারের জন্য এমনকি রোনালদোও মেসিকেই ফেবারিট মানছেন। রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদোর বছরটা অবশ্য ভুলে যাওয়ার মতোই গেছে। তবে গোলের নিক্তিতে মাপলে তিনজনই খুব কাছাকাছি। এই বছর রোনালদো করেছেন ৪৫ গোল, মেসি তার চেয়ে একটি কম। আর নেইমারের গোল ৪১টি। ইউরোপের শীর্ষ লিগে এই বছর তিনজনের চেয়ে বেশি গোল কেউ করেননি। চূড়ান্ত তালিকাটা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগও তাই কম।
মেসি-রোনালদোর পর ব্যালন ডি’অর কার হাতে উঠবে, সেটি নিয়ে নানান জল্পনা আছে। এখন নেইমারের পক্ষেই বাজিটা বেশি। এই বছরটা দারুণ কাটছে, এ মুহূর্তে লা লিগায় সবচেয়ে বেশি গোলও তাঁর। এই বছর ব্যালন ডি’অর না পেলেও নেইমারের খুব বেশি মন খারাপ হয়তো হবে না।
ও হ্যাঁ, মেসি আরেকটা পুরস্কারও জিততে পারেন। বছরের সেরা গোলের পুসকাস পুরস্কারে জায়গা পেয়েছে কোপা ডেল রের ফাইনালে তাঁর দেওয়া গোলটি। তালিকার বাকি দুজন রোমার আলেসান্দ্রো ফ্লোরেনসি ও ব্রাজিলিয়ান ক্লাব গোয়াইনেসিয়ার ওয়েনডেল লিরা। বর্ষসেরা কোচের সেরা তিনে আছেন বার্সেলোনার লুইস এনরিকে, বায়ার্নের পেপ গার্দিওলা ও চিলির হোর্হে সাম্পাওলি। আর মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের কার্লি লয়েড, জাপানের আয়া মিয়ামা ও জার্মানির সেলিয়া সাসিচ। এএফপি।