মেসি-রোনালদো-নেইমারের ছুটি কাটছে যেভাবে

রাজ্যের ব্যস্ততা তাঁদের। পেশাদার ফুটবলের ব্যস্ত সূচিতে কেবলই ছুটতে হয়! বছরে বড় ছুটি মেলে মৌসুম শেষে (জুন-জুলাই), আর বছরের শেষ দিকে। এ ছুটিতে তাঁরা ছুটে যান নিজ দেশে, স্বজনদের কাছে। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার এখন ছুটি কাটাতে যাঁর যাঁর দেশে। কীভাবে অবসর কাটাচ্ছেন মহাতারকারা?
মেসি
আর্জেন্টিনা অধিনায়ক এখন জন্মশহর রোজারিওতে। সেখানে পৌঁছেই সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘এসেছি রোজারিওতে।’ বাবা-মা, ভাই-ভাতিজা ও অন্যান্য আত্মীয়স্বজনের সঙ্গে নিজের মতো করে সময় কাটাচ্ছেন বার্সা ফরোয়ার্ড। ফেসবুকে নিজের পেজে একটি পারিবারিক ছবি পোস্ট করেছেন। আরেকটি ছবিতে রয়েছেন দুই ভাতিজার সঙ্গে। বোঝাই যাচ্ছে, সময়টা বেশ উপভোগই করছেন বার্সা তারকা।
রোনালদো

এ ফুরসতে পর্তুগিজ উইঙ্গার জন্মশহর পর্তুগালের মাদেইরা দ্বীপের ফুনচালে গিয়েই একটি কাজ করে ফেললেন। শৈশবের শহরে উন্মোচন করলেন নিজের নতুন মূর্তি। পরিবার-স্বজনদের সঙ্গে সময়টা ভালোই কাটছে রিয়াল তারকার। ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘দারুণ আরাম। ছুটির দিনগুলোয় বেশ মজাই হচ্ছে!’
নেইমার

ব্রাজিলীয় সেনসেশনের ছুটিটা কাটছে কিছুটা অন্যভাবে। ছুটিতে দেশে গিয়েও ব্যস্ত সমাজসেবামূলক কাজে। গতকাল সান্তোসে উদ্বোধন করলেন নিজের প্রতিষ্ঠান—নেইমার প্রজেক্ট ইনস্টিটিউট। জানা যায়, প্রতিষ্ঠানটি সাও পাওলোর জার্দিম গ্লোরিয়ার আশপাশের এলাকার প্রায় দুই হাজার ৩০০ দুস্থ শিশুকে শিক্ষা ও খেলাধুলাবিষয়ক সহায়তা দেবে। প্রতিষ্ঠানের উদ্বোধনের আগে বার্সা ফরোয়ার্ড ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘অসাধারণ এক দিন! ইনস্টিটিউট নেইমার জুনিয়র। কী ঘটতে যাচ্ছে, চোখ রাখুন।’ উদ্বোধনের পর লিখেছেন, ‘...ইনস্টিটিউট উদ্বোধনের সময় কিছু বিশেষ মানুষ, বিশেষ করে জার্দেম গ্লোরিয়ার অধিবাসীদের উপস্থিতিতে এটা ছিল এক অবিস্মরণীয় দিন। এখানে যাঁরা উপস্থিত হয়ে কিংবা ইন্টারনেটের মাধ্যমে আমাদের এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন, তাঁদের সবার প্রতি ভালোবাসা। সবাইকে ধন্যবাদ।’
ছুটি কাটিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহেই তারকারা ফিরবেন স্পেনে। নতুন বছরে স্প্যানিশ লিগে রিয়াল-বার্সার প্রথম ম্যাচ ৪ জানুয়ারি। তথ্যসূত্র: রয়টার্স ও তারকাদের ফেসবুক পেজ।