মেসি-সুয়ারেজ-রাকিতিচের গোলে বার্সার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিগেও দুর্দান্ত সুয়ারেজ, সঙ্গে আছেন মেসি। ছবি: রয়টার্স
লিগেও দুর্দান্ত সুয়ারেজ, সঙ্গে আছেন মেসি। ছবি: রয়টার্স

স্প্যানিশ লিগে গত সেপ্টেম্বরে ন্যু ক্যাম্পে গ্রানাডার জালে ৬ গোল দিয়েছিল বার্সেলোনা। আজ গ্রানাডার ঘরের মাঠে গোলের বন্যা বইয়ে দিতে পারেনি বার্সা। তবে যা হয়েছে সেটাও মন্দ নয়! লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও ইভান রাকিতিচের গোলে গ্রানাডাকে ৩-১ গোলে হারিয়েছে লুইস এনরিকের দল।

আজকের ম্যাচের মূল দুই চরিত্র সুয়ারেজ ও রাকিতিচ। বার্সার তিনটি গোলে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ অবদান ছিল এ দুজনের। ২৫ মিনিটে সুয়ারেজের শটটা আটকে যায় গ্রানাডা ডিফেন্ডারের পায়ে। ফিরতি শটে বল জড়িয়ে দেন রাকিতিচ। ৪৮ মিনিটে আবার রাকিতিচ-সুয়ারেজ যুগলবন্দী। জটলার ভেতর রাকি​তিচের বাড়িয়ে দেওয়া বল ডান পায়ের আলতো টোকায় জালে জড়িয়ে দেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয়ের নায়ক সুয়ারেজ। পাঁচ মিনিট পরেই বক্সে গ্রানাডার লাস বানগউরাকে ফাউল করে বসেন মার্ক বারত্রা। পেনাল্টি থেকে গো​ল আদায় করেন গ্রানাডা মিডফিল্ডার ফ্রান রিকো।
৩৬ মিনিটে মেসির দুর্দান্ত ভলিটা অল্পের জন্য খুঁজে পায়নি প্রতিপক্ষের জাল। সেই আক্ষেপ ঘোঁচে ৭০ মিনিটে। সুয়ারেজের বাড়িয়ে দেওয়া বলটা স্রেফ জালে জড়ানোই ছিল মেসির কাজ। ‘সহজ’ এ কাজটা করতে ভুল হয়নি বার্সা ফরোয়ার্ডের! তবে এ গোলের মূল উৎ​স ছিলেন রাকিতিচ। ৮৫ মিনিটে মেসির দুর্দান্ত এক শট ঠেকিয়ে দেন গ্রানাডা গোলরক্ষক।
২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান দুইয়ে আর ২৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল মাদ্রিদ।