মেসি-সুয়ারেজে বার্সার বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি-সুয়ারেজের অসাধারণ পারফরম্যান্সে এল বার্সার আরেকটি বড় জয়। ছবি: রয়টার্স
মেসি-সুয়ারেজের অসাধারণ পারফরম্যান্সে এল বার্সার আরেকটি বড় জয়। ছবি: রয়টার্স

নতুন চুক্তি নিয়ে নিত্য নতুন কথা হচ্ছে। তাঁকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে বরখাস্ত হয়েছেন বার্সেলোনার এক পরিচালক। কিন্তু লিওনেল মেসিকে স্পর্শ করতে পারে না এসব। আজ স্প্যানিশ লিগে দলের ৫-০ ব্যবধানের জয়ে একটি গোলই করেছেন। তবে পুরো ম্যাচ জুড়ে আতঙ্ক ছড়িয়ে গেছেন লাস পালমাসের রক্ষণে। খেলেছেন ছন্দময় ফুটবল। 

গত বুধবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে কোপা ডেল রের ম্যাচে পুরো শক্তির দল নিয়ে মাঠে নেমেছিল বার্সা। আজ তাই বিশ্রাম নীতি বেছে নিয়েছেন কোচ লুইস এনরিকে। এমএসএন ত্রয়ীর একজন নেইমারকে দিয়েছিলেন বিশ্রাম। বেঞ্চে বসিয়ে রেখেছিলেন প্লেমেকার আন্দ্রেস ইনিয়েস্তাকেও। তবে মেসি আর লুসই সুয়ারেজের জুটিটি জমে উঠেছিল বেশ। মাঝমাঠে আন্দ্রে গোমেজ-রাফিনহারা খেলেছেন গোছানো ফুটবল।
নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি বার্সা। গোমেজের একটু নিচু ক্রস পেয়ে চকিতে শট নেন সুয়ারেজ। যেটি মুহূর্তের মধ্যে জালে জড়ায়। ১-০ স্কোরলাইন নিয়েই প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। ৪২ মিনিটে অবশ্য ব্যবধানটা বাড়তে পারত। ব্যবধান বাড়তে পারত ৪৪ মিনিটেও। দুবার মেসিকে গোলবঞ্চিত করেন পালমাসের গোলরক্ষক। প্রথমবার মেসির ফ্রি-কিক প্রায় জ্বালে ঢুকে যাচ্ছিল। মনে হচ্ছিল টানা চার ম্যাচে ফ্রি-কিক থেকে গোল পাচ্ছেন আর্জেন্টাইন তারকা। কিন্তু শেষ মুহূর্তে কর্নারের বিনিময়ে সেটি রক্ষা করেন গোলরক্ষক। দুই মিনিট পর গোলরক্ষকে একাই পেয়েছিলেন মেসি। কিন্তু তাঁর নিচু করে নেওয়া শট পা দিয়ে ঠেকিয়ে দেন।
মেসি অবশেষে স্কোরশিটে নাম লেখান ৫২তম মিনিটে। চলতি মৌসুমে লিগে এটি তাঁর চতুর্দশ গোল। গোলটি তখন বার্সার জন্য প্রয়োজনীয় হয়ে উঠেছিল। দ্বিতীয়ার্ধের শুরুতে যে বার্সার রক্ষণের পরীক্ষা নিতে শুরু করেছিল পালমাস! তবে মেসির গোলের পর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি তারা। এরপর দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করে মেসিকে ছুঁয়ে ফেলেন সুয়ারেজ। ১৪ গোল নিয়ে মেসির সঙ্গে যৌথভাবে চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা এখন উরুগুয়ের স্ট্রাইকার।
মেসি-সুয়ারেজ ছাড়া গোল পেয়েছেন আর্দা তুরান ও অ্যালেক্স ভিদাল। দারুণ এই জয়ের পর ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সা। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪০। সূত্র: সনি সিক্স।