মোরেনোর এবার কাজে নামার পালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফের সংবাদ সম্মেলনকক্ষ ছেড়ে বের হওয়ার সময় স্পষ্ট বাংলায় বললেন, ‘ধন্যবাদ’। ইউনিসেফ বাংলাদেশের কর্মকর্তা স্ত্রীর চাকরির সুবাদেই বার্সেলোনার সাবেক ফুটবলার গঞ্জালো সানচেজ মোরেনো পাঁচ মাস ধরে ঢাকায়। এরই মধ্যে একটু-আধটু বাংলাও শিখে ফেলেছেন!
বাংলাদেশ যুব ফুটবল দলের কোচ হিসেবে কালই তাঁর সঙ্গে চুক্তি হলো বাফুফের। আপাতত ছয় মাসের চুক্তি। মাসিক বেতন ২ হাজার ৫০০ ডলার। মোট ৭০টি সেশনে অনুশীলন করাবেন ফুটবলারদের। কোচের পৃষ্ঠপোষক এসএস স্টিল।
চুক্তিপত্রে সই করার পর মোরেনো বললেন, ‘আমার ওপর আস্থা রাখায় বাফুফে সভাপতিকে ধন্যবাদ। আমার কর্মসূচি একেবারে সহজ—প্রত্যেক ফুটবলারের নির্দিষ্ট পজিশন নিয়ে কাজ করব। তাদের বেসিক শেখাব, কাজ করব টেকনিক এবং ট্যাকটিকস নিয়ে।’
শুরুতে অনূর্ধ্ব-১৯ ফুটবলারদের নিয়েই তাঁর কাজ করার কথা ছিল। কিন্তু এই দলের বেশির ভাগ ফুটবলার বিভিন্ন ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এ জন্য অনূর্ধ্ব-১৬ ফুটবলারদেরই অনুশীলন করাবেন মোরেনো। অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নদের পাশাপাশি বাফুফের হাতে থাকা বয়সভিত্তিক ফুটবলারদের নিয়ে হবে উন্মুক্ত ট্রায়াল। এরপর ২১ জন ফুটবলারকে নিয়ে অনুশীলন শুরু করবেন। দু-এক দিনের মধ্যেই হবে ট্রায়াল।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আশাবাদী যুব ফুটবলারদের শিক্ষাটা ভালোই হবে, ‘তিন মাস পর হোম ও অ্যাওয়ে ভিত্তিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে এই দল। তখনই বুঝব কতখানি উন্নতি হয়েছে। আশা করি ওরা ভালো করবে।’