মোহনবাগান-ইস্ট বেঙ্গল খেলবে চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত শেখ কামালের নামে আন্তর্জাতিক ক্লাব ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা কিছুদিন ধরেই বলে আসছে চট্টগ্রাম আবাহনী। সে লক্ষ্যে এগোচ্ছে প্রস্তুতিও। ইতিবাচক সাড়াও মিলছে। কলকাতার ফুটবলের দুই পরাশক্তি মোহনবাগান ও ইস্ট বেঙ্গলকে আনতে চায় আয়োজকেরা। দুটি দলই আগ্রহ দেখিয়েছে।
কলকাতা লিগের পর আই-লিগ শুরু হতে এখনো মাস দুয়েক বাকি। এরই ফাঁকে ১৭-৩০ অক্টোবর অনুষ্ঠেয় টুর্নামেন্টে খেলতে সম্মতি দিয়েছে মোহনবাগান। কলকাতার একটি শীর্ষ দৈনিককে দলটির অর্থসচিব দেবাশীষ দত্ত জানিয়েছেন, ‘এআইএফএফের মাধ্যমে আমাদের কাছে অনুরোধ এসেছে যেন এই টুর্নামেন্টে আমরা খেলি। আমরা তাই খেলতে যাব।’ ইস্ট বেঙ্গলের অন্যতম কর্মকর্তা দেবব্রত সরকারের কথা, ‘আমরা জানিয়ে দিয়েছি আইএফএ ছাড়লে এবং আমাদের শর্ত মানলে চট্টগ্রামে খেলতে যাব।’
মালদ্বীপের নিউ রেডিয়েন্ট, শ্রীলঙ্কার রত্নাম এএফসি ও নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছে আয়োজকেরা। তিন দলই ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানা গেছে। বাংলাদেশের শেখ জামাল ধানমন্ডি, আবাহনী ও মোহামেডানের খেলার কথা এই টুর্নামেন্টে।