মোহামেডান-আবাহনীর দুরকম ম্যাচ

চতুর্থ রাউন্ড পর্যন্তও চিত্রটা ছিল ভিন্ন। চার ম্যাচের সবগুলো জিতে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় সবার ওপরে ছিল প্রাইম দোলেশ্বর। অন্য কোনো দল তখন পর্যন্ত সব ম্যাচ জিততে পারেনি। একটি করে ম্যাচ হেরেছিল মোহামেডান, আবাহনী ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
তবে প্রিমিয়ার লিগের পঞ্চম ও শেষ রাউন্ডে হয়ে গেছে বড় ওলট-পালট। আজ সপ্তম রাউন্ডের ম্যাচটি মোহামেডান তাই খেলতে নামছে শীর্ষে থেকে। চতুর্থ রাউন্ড শেষে শীর্ষে থাকা প্রাইম দোলেশ্বর পর পর দুই ম্যাচ হেরে নেমে এসেছে পাঁচে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। ছয় ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া মোহামেডানের জন্য এই ম্যাচ সুপার লিগের দিকে বড় এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ। সমান ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া দোলেশ্বরেরও লক্ষ্য শীর্ষ স্থান ফিরে পেয়ে সুপার লিগের সম্ভাবনা উজ্জ্বল রাখতে। যেকোনো মূল্যে মোহামেডানকে আটকাতে চায় গতবারের রানার্সআপরা।
সপ্তম রাউন্ডের সবচেয়ে বড় ম্যাচ তাই হয়ে দাঁড়িয়েছে মুশফিকুর রহিম-নাঈম ইসলামদের সঙ্গে ফরহাদ রেজা-নাসির হোসেনদের লড়াইটাই। আগের ম্যাচে পাওয়া আঙুলের চোট পুরোপুরি না সারায় মোহামেডানে ওপেনার সৈকত আলীর খেলা কিছুটা অনিশ্চিত। সৈকত শেষ পর্যন্ত না খেললে এবারের লিগে প্রথমবারের মতো মাঠে নামার সুযোগ পেতে পারেন নাজিমউদ্দিন। প্রাইম দোলেশ্বরে চোট-সমস্যা নেই। কোচ মিজানুর রহমানের ভাষায়, ‘সবাই ফিট।’ মোহামেডানের বিপক্ষে জয়টা একটু বেশিই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তাঁর কাছে, ‘মোহামেডান জিতলে ওরা আমাদের চেয়ে দুই ধাপ এগিয়ে যাবে। আমাদের কাজ কঠিন হয়ে যাবে তখন। শিরোপার সম্ভাবনা টিকিয়ে রাখতে মোহামেডানকে তাই হারাতেই হবে।’
সপ্তম রাউন্ডের আগে তৃতীয় স্থানে লিজেন্ডস অব রূপগঞ্জ (৯ পয়েন্ট)। ৩ পয়েন্ট পিছিয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব সাতে। বিকেএসপিতে আজ মুখোমুখি দুই দল। অবশ্য জিতলেও রূপগঞ্জকে টপকাতে পারবে না প্রাইম ব্যাংক। কিন্তু রূপগঞ্জ জিতলে শীর্ষে ওঠার সম্ভাবনা থাকবে তাদেরও।
ফতুল্লার ম্যাচে কলাবাগান ক্রিকেট একাডেমির প্রতিপক্ষ আবাহনী। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দল গড়েও প্রথম ছয় ম্যাচে আবাহনীর জয় মাত্র তিনটি। হেরেছে সর্বশেষ দুই ম্যাচেই। এখনো জয়ের দেখা না পাওয়া কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে ম্যাচটা পরাজয়ের বৃত্ত থেকে বেরোনোর সুযোগ তাদের জন্য। শিরোপাদৌড়ে টিকে থাকতে আবাহনী উড়িয়ে এনেছে ভারতীয় ব্যাটসম্যান মনোজ তিওয়ারিকে। ভারতের হয়ে ১২টি ওয়ানডে খেলেছেন। একটি সেঞ্চুরি ও একটি ফিফটিসহ রান ২৮৭। তিওয়ারিকে নিয়ে এবারের লিগে তিনজন ভারতীয় ক্রিকেটার খেলাচ্ছে আবাহনী। এর আগে খেলেছেন উদয় কৌল ও মানবিন্দর বিসলা।
অধিনায়ক তামিম ইকবালের বিশ্বাস, রঞ্জি দল বাংলার অধিনায়ক তিওয়ারির অভিজ্ঞতা আবাহনীকে কক্ষপথে ফেরাতে সাহায্য করবে। ছয় ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া আবাহনীর সুপার লিগ নিশ্চিত করতে বাকি ম্যাচগুলোয় জয়ের বিকল্প দেখছেন না তিনি, ‘এটা ঠিক যে পর পর দুটো ম্যাচ হেরে আমরা একটু খারাপ অবস্থায় আছি। তবে দুটো জয়েই দলের চেহারাটা আবার অন্য রকম হয়ে যেতে পারে। আশা করছি, কালকের (আজ) ম্যাচ থেকেই সেটা শুরু হবে।’
আবাহনী আশাবাদী হতে পারে আরও একটা কারণে। খেলাটা আজ মিরপুরে নয়! এখন পর্যন্ত শেরেবাংলা স্টেডিয়ামে খেলা তিনটি ম্যাচই হেরেছে তারা।
আজকের খেলা
মোহামেডান–দোলেশ্বর
সকাল ৯টা, মিরপুর
আবাহনী–কলাবাগান একাডেমি
সকাল ৯টা, ফতুল্লা
প্রাইম ব্যাংক–রূপগঞ্জ
সকাল ৯টা, বিকেএসপি