মোহামেডানের জন্য হাহাকার
শেষ বক্তা মনিরুল হক চৌধুরী জেগে ওঠার ডাক দিলেন মোহামেডান সমর্থকদের। ঐতিহ্যবাহী ক্লাবটির ফুটবল দলের টানা ব্যর্থতার চিত্রটা জানা থাকলে যেকোনো সমর্থকেরই রক্ত টগবগিয়ে উঠবে। রাজধানীর একটি হোটেলের সভাকক্ষে কাল যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের তো শরীরে আরও বড় জ্বালা। কারণ, তাঁরা মোহামেডানের সাবেক ফুটবলার। তাই ক্লাবটির একসময়ের ডাকসাইটের কর্মকর্তা মুনিরুল হক চৌধুরী যখন ডাক দিলেন ঘুরে দাঁড়ানোর, সবাই করতালি দিয়ে স্বাগত জানালেন।
অনুষ্ঠানটির আয়োজক ‘মহাপাগল’ নামে ব্যতিক্রমী মোহামেডান সমর্থক দল। এবারের প্রিমিয়ার ফুটবল লিগে ১২ দলের নিচের দুটি দল অবনমিত হয়েছে, দশম হয়ে মোহামেডান কোনো রকমে রক্ষা পেয়েছে বটে, কিন্তু এ বড় লজ্জা মোহামেডানের জন্য। লজ্জা ঢাকতে সামনে কী করণীয়, সেটি নিয়ে কথা বলতেই সাবেকদের একত্র করে ওই অনুষ্ঠান করেছে সংগঠনটি।
মোহামেডান নিয়ে কথা বলার একটা মঞ্চ পেয়ে সাবেকরা স্মৃতিচারণায় মেতে উঠলেন। গোলাম সারোয়ার টিপু যেমন তাঁর ১৯৬৪ সালে আমির জং গজনবীর হাত ধরে মোহামেডানে নাম লেখানোর গল্প বলেন। সালাম মুর্শেদী তাঁর মোহামেডানে নাম লেখানোর সেই স্মৃতিময় সন্ধ্যায় ক্লাব চত্বরে ভিড় করা ১০ হাজার সমর্থকের কথা তুলে আনেন। এমেকাকে কলকাতা থেকে ঢাকায় নিয়ে আসার পেছনের কথা বলেন কর্মকর্তা আনোয়ারুল হক হেলাল।
বাদল রায় জোর দিলেন পথহারা মোহামেডানের পথ খুঁজে নেওয়ার ওপর। তাই কী করার প্রয়োজন, সেটিও ঠিক করে ফেলেছেন সাদা-কালোর সাবেক এই অধিনায়ক, ‘আগামী সাত দিনের মধ্যে আমরা মোহামেডানের বর্তমান কমিটির পদত্যাগ চাই। নইলে পদত্যাগে বাধ্য করা হবে।’
সাবেক ফুটবলার, কর্মকর্তাদের সবার কণ্ঠে ঘুরেফিরে এসেছে একটি সত্য। আবাহনী-মোহামেডানের সেই চিরপ্রতিদ্বন্দ্বিতা ফিরিয়ে আনা দরকার। আবাহনী রং হারালেও বিদায়ী মৌসুমে লিগ ও ফেডারেশন কাপ জিতে ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু মোহামেডানের মতো দল অবনমন ঠেকিয়েছে, সেটিই এখন বড় খবর!
অনুষ্ঠানে সম্মাননা জানানো হয়েছে জাকারিয়া পিন্টু, টিপু, অমলেশ সেন, হাসানুজ্জামান বাবলু, খন্দকার রকিবুল ইসলাম, মোহাম্মদ মহসীন, বাদল রায়, সালাম মুর্শেদী, আবু ইউসুফ, আজমত আলী, আবদুল গাফফার, ইমতিয়াজ সুলতান জনি, কায়সার হামিদ, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, ইমতিয়াজ আহমেদ নকীব, জুয়েল রানা, আলফাজ আহমেদসহ আরও কয়েকজন সাবেককে।