ফেনী সকারের কোচ লাডি বাবালোলার মুখে চওড়া হাসি। মুক্তিযোদ্ধার সঙ্গে গোলশূন্য ড্র করে ভীষণ খুশি তলানির দিকে থাকা দলটির নাইজেরিয়ান কোচ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল যেখানে মাত্র ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে মুক্তিযোদ্ধাকে, চট্টগ্রামে মোহামেডান তুলে নিয়েছে পুরো ৩ পয়েন্ট। এমএ আজিজ স্টেডিয়ামে সাদা-কালো দলটি ৩-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।
এই জয়ে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহামেডান। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দশে চট্টগ্রাম আবাহনী। আর ড্র করায় মুক্তিযোদ্ধা ২০ পয়েন্ট নিয়ে ছয়ে। ৯ পয়েন্ট নিয়ে ফেনী সকার নয়ে।
চট্টগ্রামে মোহামেডানের বিপক্ষে ২৭ মিনিটে চৌম্রিন রাখাইনের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া মোহামেডানকে ৬৬ মিনিটে হেডে সমতায় ফেরান গিনিয়ান ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা। আর ৭৯ মিনিটে ফ্রি-কিকে ২-১ করেন মিন্টু। ম্যাচের শেষ মিনিটে প্রতি-আক্রমণ থেকে ব্যবধান বাড়িয়েছেন সবুজ।
প্রথম পর্বের মতো শুরুটা ভালো হয়নি মুক্তিযোদ্ধার। ফেনী সকারকেই আগের পর্বে হারিয়েছিল ২-১ গোলে। কাল অনেকটা নিষ্প্রভ ছিলেন মুক্তিযোদ্ধার ফুটবলাররা। প্রথমার্ধে দুর্দান্ত খেলেছে ফেনী সকার। অল্পের জন্য গোলের দেখা পায়নি ২৬ মিনিটে। ইমরানের ক্রস থেকে ফরোয়ার্ড ইকবাল চমৎকার হেড দারুণ দক্ষতায় রুখে দেন মুক্তিযোদ্ধার গোলরক্ষক তিতুমীর। দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে মুক্তিযোদ্ধা আক্রমণ করেছে একাদিক্রমে। কিন্তু গোলমুখে গিয়ে খেই হারিয়ে ফেলেছেন এনামুল, কামারা, কাঞ্চনরা।
দিনটি আসলে মুক্তিযোদ্ধার ছিল না। ৪৮ মিনিটে শাহেদের শট সাইড পোস্টে লাগে। বদলি হিসেবে নেমে কাঞ্চন দু-দুবার ফেনীর গোলরক্ষক তোহানকে একা পেয়েও পোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারেন বল।
ম্যাচ শেষে হতাশ মুক্তিযোদ্ধা কোচ আবু ইউসুফ বলছিলেন, ‘ফুটবলারদের ফিটনেসে ঘাটতি ছিল। আমরা যে ৩ পয়েন্ট হারাইনি এটাই সৌভাগ্য। তবে এই একটা পয়েন্টও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজ হারলে চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে টিকে থাকা দুষ্কর হয়ে যেত।’
সম্প্রতি দলের মিডফিল্ডার মারুফকে বহিষ্কার করেছে মুক্তিযোদ্ধা। তাঁর অনুপস্থিতিও খেলায় প্রভাব পড়েছে। যদিও এ বিষয়ে স্পষ্ট কিছু বলতে চাইলেন না কোচ, ‘দলে কিছু সমস্যা তো আছেই। এটা এখানে বলতে চাই না।’
বিজেএমসির নাটকীয় ড্র: ম্যাচের শেষ বাঁশি বাজতে তখন মিনিট খানেক বাকি। ম্যাচে ২-১ গোলে এগিয়ে ব্রাদার্স। হঠাৎ প্রতি-আক্রমণ থেকে গোল করে বসেন বিজেএমসির স্যামসন ইলিয়াসু। নাইজেরিয়ান এই মিডফিল্ডার শুধু গোলই করেননি, নিশ্চিত ৩ পয়েন্টই কেড়ে নিয়েছেন ব্রাদার্সের কাছ থেকে। ম্যাচের পুরো সময় এগিয়ে থেকেও শেষ সময়ের গোলে জয়বঞ্চিত হওয়া ব্রাদার্স খেলোয়াড়দের জন্য বড় হতাশার।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল অগাস্টিন ওয়ালসনের গোল ৬ মিনিটেই এগিয়ে দিয়েছিল ব্রাদার্সকে। ২৪ মিনিটে আবদুল্লাহ পারভেজের শট ব্রাদার্স গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যের হাত ফসকে বেরিয়ে গেলে ফিরতি শটে দলকে সমতায় ফেরান বিজেএমসির এলিটা কিংসলে। ৩২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ব্রাদার্স। কিন্তু ওয়ালসনই বল উড়িয়ে মারেন পোস্টের ওপর। অবশ্য ৬১ মিনিটে খলনায়ক থেকে আবারও নায়ক সেই ওয়ালসন। দুই ডিফেন্ডারকে কাটিয়ে করেন ২-১। ১৩ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতাও তিনিই। শেষ মুহূর্তে একাধিক আক্রমণ করেছে বিজেএমসি। ফলও পেয়েছে, শেষ সময়ে ইলিয়াসুর গোলে ম্যাচ ড্র। ড্র করায় ২১ পয়েন্ট নিয়ে তালিকার তিনে ব্রাদার্স। ১০ পয়েন্ট পাওয়া বিজেএমসি সাতেই।