মোহামেডানের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই ছন্দে খেলে যাওয়ার সামর্থ্য নেই মোহামেডানের। লম্বা লিগে মাঝেমধ্যে ছন্দপতন হতেই পারে। তবে এই মোহামেডান ঘন ঘন রং বদলে নিজেদের তুলে ধরছে নানাভাবে।
প্রথম দুই ম্যাচে জয়। চট্টগ্রাম আবাহনীকে ৫-০, বিজেএমসির বিপক্ষে ২-০। শেখ রাসেল ও ব্রাদার্সের কাছে পরের দুই ম্যাচে ১-০ ব্যবধানে হার। গত ম্যাচে ২ গোলে পিছিয়েও ৩ গোলে দুর্দান্ত জয়। সেই আত্মবিশ্বাসী মোহামেডান কাল সাদামাটা এক দল। এগিয়ে গিয়েও ড্র করতে বাধ্য হয়েছে তারা ফেনী সকারের সঙ্গে (১-১)।
তারুণ্যনির্ভর দলের প্রাণশক্তি বেশি থাকার কথা। কিন্তু মোহামেডানের খেলোয়াড়েরা শুরুর গতিটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি। দ্বিতীয়ার্ধে ফেনী সকার আর মোহামেডানকে মনে হয়েছে সমান শক্তির দল। মোহামেডানকে চিনতে হয়েছে জার্সি দেখে! দুই প্রান্ত ব্যবহার করে বেশ কয়েকবার মোহামেডান রক্ষণে আতঙ্ক ছড়িয়েছে ফেনী সকার।
তবে মোহামেডানই পঞ্চম মিনিটে খুলে ফেলে সকারের গোলমুখ। ইসমাইল বাঙ্গুরার সাজিয়ে দেওয়া বল জালে পাঠান ইব্রাহিম। ২১ মিনিটে পেনাল্টি থেকে ১-১ করেছেন সকারের গাম্বিয়ান ফরোয়ার্ড মোস্তফা।
সুযোগ কাজে লাগাতে পারলে ৩ পয়েন্টও পেতে পারত সকার। সীমিত সামর্থ্য নিয়েও তারা দাপট দেখাল এদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। দলটির কোচ লাডিবাবা লোলা একসময় তাঁর ভাই বডিবাবা লোলাকে নিয়ে সাদা-কালো জার্সি পরেছেন। সেই মোহামেডান আর এই মোহামেডানের মধ্যে বিস্তর পার্থক্য দেখছেন এই নাইজেরিয়ান। ম্যাচের পর বলছিলেন, ‘দুটি দুই রকম মোহামেডান।’
তবে পয়েন্ট তালিকায় এখন পর্যন্ত মোহামেডান খুব খারাপ অবস্থায় নেই। ৭ ম্যাচ থেকে ৪ জয়, ১ ড্র, ২ হারে জোসিমউদ্দিন জোসির দলের পয়েন্ট ১৩। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট আবাহনীর। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট শীর্ষে থাকা শেখ জামালের। ৬ ম্যাচ খেলে সকারের ৫ পয়েন্ট।