
জ্যৈষ্ঠের প্রচণ্ড গরমের সঙ্গে লড়াই করতে হয়েছে দুই দলের ফুটবলারদের। রেফারিসহ সবাইকে বেশ কয়েকবার ‘কুলিং ব্রেকও’ নিতে দেখা গেছে মাঠে। গরমের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি জয়ের দেখা পেতেও লড়াই করেছে মোহামেডান। কিন্তু ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে জিততে পারেনি মোহামেডান। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।
মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপের গ্রুপ পর্বেই বিদায় নিয়েছিল মোহামেডান। ফেডারেশন কাপেও যেন সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছে সাদা-কালো দলটি।
ম্যাচের তৃতীয় মিনিটেই কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিওর গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। রাশেদ তূর্যর বাড়িয়ে দেওয়া বলে প্লেসিং শটে জুনাপিও করেন ১-০। এ গোলটি শোধ করতে মোহামেডানকে অপেক্ষায় থাকতে হয়েছে ৬৩ মিনিট পর্যন্ত! মাসুক মিয়া জনির শট প্রথম চেষ্টায় রহমতগঞ্জের গোলরক্ষক আল আমিন ফিরিয়ে দেন। কিন্তু ফিরতি বলেই সামনে দাঁড়ানো ইসমাইল বাঙ্গুরা করেন সমতাসূচক গোল (১-১)।
৬৮ মিনিটে গোল করে মোহামেডানকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন শাহেদ। বক্সের ভেতরে দাঁড়ানো ইসমাইল বাঙ্গুরার ব্যাকহিল থেকে শাহেদ করেন ২-১। কিন্তু সেই অগ্রগামিতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মোহামেডান। গোল শোধে মরিয়া হয়ে ওঠা রহমতগঞ্জ গোলও পেয়ে যায়। এবারও নায়ক জুনাপিও। ৮১ মিনিটে বক্সের বাইরে থেকে জুনাপিওর বাঁ পায়ের জোরালো শটে পয়েন্ট খুইয়েই মাঠ ছাড়তে হয়েছে মোহামেডানকে। জোড়া গোলের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে জুনাপিওর হাতেই।