মোহামেডানের দৃষ্টিকটু ব্যর্থতা
মাস খানেক আগে ফেসবুকে নিজেদের ওয়ালে দুজনই লিখেছিলেন—সিদ্ধান্তটা ভুল ছিল। শেখ জামাল ধানমন্ডির দুই স্ট্রাইকার সাখাওয়াত রনি ও তকলিচ আহমেদ পুরো মৌসুমেই বেশির ভাগ সময় বেঞ্চ গরম করে কাটিয়েছেন। দলবেঁধে এক ক্লাবে যাওয়ার মাশুলটা গুনছেন ভালোই। এমন ভুল সিদ্ধান্ত নাকি আর নিতে চান না দুজনই।
প্রিমিয়ার লিগ শেষে এই বোধোদয় হয়েছে দুজনেরই। তাঁদের জন্য আরও সুসংবাদ, নতুন মৌসুমে বিদেশি ফুটবলারের কোটা কমছে। খেলার মাঠে এবং ক্লাবের নিবন্ধনে—দুই ক্ষেত্রেই বিদেশি কমানো হবে। নতুন মৌসুম সামনে রেখে নতুন করে স্বপ্ন দেখছেন দুজনই।
এই লিগের ম্যাচ হয়েছে ১৩৫টি। ওঠেনি কোনো পাতানো ম্যাচের অভিযোগ, যা ফুটবলের জন্য সুখবরই।
পুরো মৌসুমেই কোচদের নিয়ে কম নাটক দেখেনি ফুটবল-দর্শকেরা। আবাহনীর অস্ট্রেলিয়ান কোচ নাথান হলের পদত্যাগ দিয়ে শুরু। মাঝপথে শেখ রাসেলের ট্রেবলজয়ী কোচ মারুফুল হক বরখাস্ত, অনেকটা নীরবেই শেখ জামালের নাইজেরিয়ান কোচ আপুসির বিদায়। শেষ পর্যন্ত মারুফুলের হাতেই শেখ জামালের দায়িত্ব দেওয়া। আবাহনীর ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমিও মৌসুম শেষ না করে ঢাকা ছেড়েছেন।
মৌসুমের শুরুতে যে প্রত্যাশা নিয়ে দল গড়েছিল মোহামেডান, তা পূরণ হয়নি তাদের। সাদা-কালোরা হয়েছে চতুর্থ। বড় অঙ্কের পারিশ্রমিক নিয়েও লিগে নিজেদের উপস্থিতি জানান দিতে পারেননি জাতীয় দলের বড় নাম জাহিদ হোসেন, আরিফুল ইসলাম, জাহিদ হাসান এমিলিরা। তাঁরা ছিলেন নিষ্প্রভ। ক্লাব কর্মকর্তা ও সমর্থকদের নিরাশ করেছেন এই খেলোয়াড়েরা। মোহামেডানের চেয়ে কয়েক গুণ কম বাজেটের দল গড়েও মুক্তিযোদ্ধা তৃতীয় হয়েছে!
লিগে নবাগত দল উত্তর বারিধারা চমক দেখাল। পেশাদার লিগে এসে বুঝেছে এর নিষ্ঠুরতা। মাঠে ও মাঠের বাইরে পুরোপুরি ব্যর্থ দলটি অবনমিত হয়ে ফিরে গেছে চ্যাম্পিয়নশিপ লিগে।
এবারের লিগ তিন পর্বের হলেও ছিল না নির্দিষ্ট কোনো পরিকল্পনা। শেখ জামাল কোচ মারুফুল হক তাই ভবিষ্যতে বাফুফের লিগের সূচি করার আগে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিলেন, ‘লিগটা দীর্ঘমেয়াদি হয়েছে। বেশি ম্যাচ খেলা অবশ্যই ভালো উদ্যোগ। তবে বাফুফে যদি এএফসি, ফিফা, স্থানীয় স্কুল-কলেজ ও ধর্মীয় সূচি মেনে সূচি করে তাহলেই হয়তো লিগটা আরও আগে শেষ হতো। শেষ দিকে এসে একঘেয়ে হতো না।’