আবু ইউসুফকে খুব অসন্তুষ্ট দেখাল। ১ গোলে এগিয়ে থাকা ম্যাচ ২-১ ব্যবধানে হেরে ফরাশগঞ্জ কোচের আক্ষেপের শেষ নেই। তবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বিজেএমসির বিপক্ষে ৩-১ গোলে জয় নিয়ে মোহামেডান কোচ সৈয়দ নইমুদ্দিনকে খুশিই লাগল।
খেলার মাঠে এটি প্রতিদিনেরই দৃশ্য। কেউ হাসে, কেউ হতাশা নিয়ে ফেরে। তবে কালকের দিনটি মোহামেডানকে আত্মবিশ্বাসও ফিরিয়ে দিয়েছে কিছুটা। ৩-০ করে মোহামেডানকে ম্যাচ জিততে দেখা এখন আসলে ডুমুরের ফুল দেখার মতোই ব্যাপার।
আগের ম্যাচেই সাইফ স্পোর্টিংয়ের কাছে ৩-২ গোলে হারের পর জয়ের ধারায় ফেরা গেছে এই তো অনেক। আর এই জয়ে বড় অবদান রাখলেন এনকোচা কিংসলে। সাদা-কালোর প্রথম দুটি গোলই তাঁর। প্রথমটি দুই ডিফেন্ডারকে ছিটকে মাপা শটে, দ্বিতীয়টি তকলিচের ক্রসটাকে আলতোভাবে জালে ঠেলে। শেষ দিকে ইলিয়াসু ৩-০ করলে বিজেএমসির আর ফেরার পথ ছিল না। তবে ইয়েকো সামনিক একটা গোল শোধ করেছেন, যেটি অবশ্য ম্যাচের ফলাফলে কোনো ভূমিকাই রাখতে পারেনি।
ওদিকে শেখ রাসেল কাঁপতে কাঁপতে যেভাবে ৩ পয়েন্ট নিয়ে ফিরেছে, তাতে দলটির ওপর চেপে বসা পাথর কিছুটা হলেও সরেছে গত রাতে। আত্মঘাতী গোলে প্রথমার্ধেই পিছিয়ে পড়ে শেখ রাসেল। বিরতির আগে ফরাশগঞ্জ ৩-০ করে ফেললেও অবাক হওয়ার ছিল না। কিন্তু সেটা না পারার খেসারত দিল দ্বিতীয়ার্ধে ২ গোল খেয়ে। পাশাপাশি রেফারির সঙ্গে তর্ক করে কার্ড দেখে পরের ম্যাচে নিষিদ্ধ হলেন মালেক মান্ডি, লাল কার্ড দেখেছেন অধিনায়ক সুজনও। ওদিকে দাউদা সিসে ও জুলফিকারের গোলে জিতে ৬ ম্যাচে ৭ পয়েন্ট হলো শেখ রাসেলের।
প্রিমিয়ার লিগে আজ খেলা নেই। দুই দিন বিরতি দিয়ে ৩০ আগস্ট লিগ শুরু আবার।