মোহামেডানের সামনে আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে চমকে গেছেন অনেকেই। মাঠে চলছে ম্যাচ! জানতেন না খোদ বিসিবির অনেকেও। মেট্রোপলিটন মহিলা ক্রিকেট লিগের দ্বিতীয় সেমিফাইনালটি হওয়ার কথা ছিল ১৬ আগস্ট। বৃষ্টিতে হতে পারেনি সেদিন। বৃষ্টির লুকোচুরি খেলায় খেলার তারিখ ঠিক করা যাচ্ছিল না পরেও। বাধ্য হয়ে তাই দুদলকে বলে দেওয়া হয়েছিল মাঠে আসতে। বৃষ্টি না হলে খেলা হবে! কাল আর বাগড়া দেয়নি বৃষ্টি। খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে ৮ উইকেটে উড়িয়ে ফাইনালে উঠেছে আবাহনী। সেখানে আগে থেকেই তাদের অপেক্ষায় মোহামেডান।

ম্যাচ শেষ একরকম প্রথম ইনিংস শেষেই। টস জিতে ব্যাটিংয়ে নামা খেলাঘর গুটিয়ে যায় ৮১ রানে। রানআউটে ওপেনার সানজিদা ইসলামকে দিয়ে বিদায় মিছিলের শুরু। আবাহনীর পেসার লতা মণ্ডল এরপর তুলে নেন ৩ উইকেট। পরে খাদিজা-তুল কুবরা ও সানদিহা ইসলামের স্পিনের কোনো জবাবও জানা ছিল না খেলাঘরের ব্যাটারদের। ৮ ওভারে ১২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন সানদিহা, সমান ওভারে ২ রান বেশি দিয়ে ২ উইকেট খাদিজার। ম্যাচ-সেরা অবশ্য তার পরও আবাহনীর কোনো বোলার নন। ৩ উইকেটের পর তিন নম্বরে নেমে ২২ রান করা লতাও নন। অপরাজিত ৫১ রানের দারুণ এক ইনিংসে ম্যাচ-সেরা ওপেনার শারমিন সুলতানা।