মোহামেডানের ৫ গোলের আনন্দময় বিকেল
আগের ১০ ম্যাচে মেহামেডানের গোল মাত্র ৯টি। সেই মোহামেডানই কিনা আজ গোল উৎসবে মেতেছে। সিলেট জেলা স্টেডিয়ামে রহমতগঞ্জকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। অথচ এর আগের ১০ ম্যাচের কোনোটিতেই তারা ২টির বেশি গোল করতে পারেনি!
মৌসুমেই এই প্রথম কোনো ম্যাচে ৫ গোল করতে পেরেছে মোহামেডান। গত বছরের ডিসেম্বরে ফেডারেশন কাপে তারা ২টি করে গোল করেছে দুই ম্যাচে। সেদিক থেকে মৌসুমে আজই সেরা দিনটির দেখা পেয়েছে নিজেদের হারিয়ে খোঁজা মোহামেডান। সেই সুবাদে সিলেট স্টেডিয়ামে আনন্দময় একটা বিকেলই কাটিয়েছে শন লেনের দল।
বড় এই জয়ে জোড়া গোল করেছেন মোহামেডানের আক্রমণভাগের প্রাণভোমরা মালির স্ট্রাইকার সোলেমান দিয়াবাতে। ফরহাদ, রিদন ও জাফর ইকবাল করেছেন বাকি ৩ গোল। প্রথমার্ধের যোগ করা সময়ে রহমতগঞ্জের ফিলিপ আজাহ ১-১ করলেও তখনো বোঝা যায়নি দ্বিতীয়ার্ধে ম্যাচ হয়ে পড়বে একতরফা।
চলতি লিগে এটি মোহামেডানের চতুর্থ জয়। বাকি সাত ম্যাচে ৫ ড্র ও ২ হারে সাদা–কালোর পয়েন্ট ১৭। লিগের পয়েন্ট তালিকায় তাদের অবস্থান এখন পাঁচে। ১১ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আটে রহমতগঞ্জ।
গোপালগঞ্জে আজ স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে সফরকারী সাইফ স্পোর্টিং ক্লাব। জাপানি মিডফিল্ডার মিওয়াসার গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। এরপর সাজ্জাদের গোলে ১-১। সজীব মিয়া মুক্তিযোদ্ধাকে আবার এগিয়ে দেন। সাইফের রিয়াদুল করেন ২-২। সজীব আবার গোল করে মুক্তযোদ্ধাকে জয়ের স্বপ্ন দেখান। শেষ পর্যন্ত এমফনের গোলে ৩-৩ করে হার এড়ায় সাইফ।
১১ ম্যাচে এটি সাইফের তৃতীয় ড্র। চারটি করে ম্যাচ তারা জিতেছে। সমান ম্যাচে হার। ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাতে থেকে প্রথম পর্ব শেষ করেছে দিয়েগো ক্রুসিয়ানির দল।
রাজশাহীতে আজ স্বাগতিক পুলিশ দল এগিয়ে গিয়েছিল ম্যাচের দ্বিতীয় মিনিটেই। গোল করেন আল-আমিন। দীর্ঘ সময় অগ্রগামিতা ধরে রাখলেও শেষ ১০ মিনিটে আর পারল না পুলিশ। ২ গোল করে ম্যাচ ছিনিয়ে নিয়েছে মারুফুল হকের চট্টগ্রাম আবাহনী। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে থ্যাংকগডের গোলে ১-১। ৮৬ মিনিটে কেহিন্দে ইয়াসার গোল করে চট্টগ্রাম আবাহনীকে নাটকীয়ভাবে ৩ পয়েন্ট এনে দিয়েছেন।
চট্টগ্রাম আবাহনীর এটি লিগে ষষ্ঠ জয়। সাদামাটা দল গড়েও ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগে চট্টগ্রামের দলটি আছে টেবিলের চারে। ২১ পয়েন্ট নিয়ে তিনে শেখ জামাল। ২২ পয়েন্ট পাওয়া ঢাকা আবাহনী দুইয়ে। ২৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। কিংস বাদে বাকি তিন দলের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র ১। বোঝাই যাচ্ছে, লিগের দ্বিতীয় পর্বটা জমে উঠবে আরও। আগামীকাল শেখ রাসেল-স্বাধীনতা ক্রীড়া সংঘ ম্যাচ দিয়ে শেষ হবে লিগের প্রথম পর্ব।