মৌসুম সূচক ম্যাচেই মরিনহো-ওয়েঙ্গার!
গত মৌসুমের ঘটনাটা অনেকেরই মনে থাকার কথা। আর্সেনাল-চেলসি ম্যাচের একপর্যায়ে আর্সেন ওয়েঙ্গার ধাক্কা দিয়ে বসেছিলেন হোসে মরিনহোকে। সেটা নিয়ে কম হইচই হয়নি। তার আগে-পরে দুজনের উত্তপ্ত বাক্যবিনিময়, খোঁচা-পাল্টা খোঁচায় সরগরম থেকেছে ইংলিশ ফুটবল। আজ কমিউনিটি শিল্ডে আর্সেনাল-চেলসি ম্যাচের আগে একদফা পাল্টাপাল্টি হয়ে গেছে দুজনের। ইংলিশ লিগে মাঠের খেলা শুরুর আগেই জমে উঠেছে কথার খেলা!
মাঠে যেমনই হোন, কথাবার্তায় মরিনহো বরাবরই চাঁছাছোলা। কমিউনিটি শিল্ডের আগে চেলসি কোচকে সংবাদ সম্মেলনে ওয়েঙ্গারের বিপক্ষে রেকর্ডটা মনে করিয়ে দিলেন কেউ। এখন পর্যন্ত দুজনের ১৩টি দ্বৈরথে ওয়েঙ্গার জয়শূন্য। সেটা নিয়ে প্রতিপক্ষ কোচকে মরিনহোর ‘পরামর্শ’, ‘আমার মনে হয় আমি নিজেকেও প্রশ্ন করতাম কেন হচ্ছে না (ওয়েঙ্গার জয় পাচ্ছেন না)। কোনো মনস্তাত্ত্বিক কারণ আমি না খুঁজে বরং সত্যিই কোনো সমাধান আছে কি না সেটাই জানার চেষ্টা করতাম।’
মরিনহো নিজেই আবার মনে করিয়ে দিলেন, ক্রিস্টাল প্যালেস ও ওয়েস্ট ব্রমের কোচ টনি পুলিসের কাছে দুবার হেরেছিলেন। মরিনহোর দাবি, কোনো কোচের বিপক্ষে এটাই তাঁর সবচেয়ে ‘বাজে’ রেকর্ড। পুলিসের সঙ্গে ওয়েঙ্গারের তুলনা করে কি আরেকটা খোঁচাই দিলেন আর্সেনাল কোচকে? তবে আজকের ম্যাচের আগে অন্তত এসব নিয়ে নাকি ভাবছেন না, ‘আমি শুধু খেলা নিয়েই ভাবছি। ছয়, সাত আট বা নয় ম্যাচে না হারাটা খুব বড় কিছু নয়। আমার মনে হয় না ম্যাচে সেটির প্রভাব পড়বে।’
মরিনহো এমন সূক্ষ্ম খোঁচা দেবেন, আর ওয়েঙ্গার সেটা চুপচাপ হজম করে যাবেন সেটা তো হওয়ার নয়। কিন্তু আর্সেনাল কোচ বিস্ময়করভাবে এবার ব্যাপারটা এড়িয়েই গেলেন। বরং সংবাদ সম্মেলনে রসিকতাও করলেন, ‘তাঁর (মরিনহো) সঙ্গে আপনাদের ভালোবাসায় আমি বাধা হয়ে দাঁড়াতে চাই না। চলছে চলুক না!’ প্রচারমাধ্যমের পক্ষপাত যে মরিনহোর দিকে, সেটা নিয়ে ওয়েঙ্গারের খোঁচাটা বুঝতে কষ্ট হয় না!
একটা জায়গায় অবশ্য দুই কোচই একমত। আজকের ম্যাচটা অন্তত প্রীতি ম্যাচ হতে যাচ্ছে না। মরিনহো অবশ্য এটিকে খুব বড় করেও দেখছেন না, ‘প্রীতি ম্যাচ নয় বটে, এটা দিয়েই মৌসুমের সবকিছু বোঝা যাবে এমনটাও নয়। আর্সেনাল তো গত মৌসুমে সিটিকে হারিয়ে শিল্ড জিতেছিল। কিন্তু লিগে শেষ করেছে তৃতীয় হয়ে।’
শেষ কথাটায় ওয়েঙ্গারকে আবারও একটা টিপ্পনীই কি দেওয়া হলো না! এএফপি, ইএসপিএন।