মেয়র ব্লাঙ্কো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে প্রতিপক্ষের রক্ষণভাগকে কম ভোগাননি কতেমক ব্লাঙ্কো। দুই পায়ের মাঝে ফুটবলটাকে চেপে ধরে ছোট এক লাফে প্রতিপক্ষকে পেরিয়ে যাওয়ার অদ্ভুত কারিকুরি দেখাতেন মেক্সিকান এই মিডফিল্ডার। তিন-তিনটি বিশ্বকাপ খেলা সেই ব্লাঙ্কো এবার রাজনীতির মাঠেও টপকে গেলেন প্রতিপক্ষকে। গত এপ্রিলে ফুটবল ছাড়া ৪২ বছর বয়সী ব্লাঙ্কো মেয়র নির্বাচিত হয়েছেন মেক্সিকোর অপরাধপ্রবণ শহর কোয়েরনাভাকার। পরশু শপথ নিয়েই কোয়েরনাভাকাকে বদলে দেওয়ার পণ করেছেন মেক্সিকোর ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়। মাদক, চাঁদাবাজি, অপহরণ, খুন যে শহরের নৈমিত্তিক ঘটনা সেখানে কতটা কী করতে পারবেন সেটা সময়ই বলবে। তবে এরই মধ্যে রাজ্য পুলিশকে সতর্ক করে দিয়েছেন, শহরের ‘বিশ্বাসঘাতক’ কাউন্সিলরদের বিরুদ্ধে নালিশও করেছেন দেশটির রাষ্ট্রপতির কাছে। তাঁর রাজনৈতিক প্রতিপক্ষরাও কম যাননি। তাদের অভিযোগ, ফুটবল মাঠের মতো রাজনীতিতেও ব্লাঙ্কো ফাউলের শিকার হওয়ার ভান করছেন। এএফপি।