মেয়েদের চোখে বড় স্বপ্ন

খেলা বলতে শুধু দড়িলাফ আর দৌড়। হঠাৎ একদিন স্কুলের মফিজ স্যার ধরে নিয়ে এলেন ফুটবল মাঠে। পারবে না বলে ভয়ে পালিয়েও গিয়েছিল ছোট্ট সানজিদা। পরে বেতের বাড়ি পড়েছিল পিঠে, মফিজ স্যার কান ধরে নিয়ে এসেছিলেন আবারও। পরশু জর্ডানের বিপক্ষে পেনাল্টিতে গোল করার পর বারবার মফিজ স্যারের মুখটাই চোখে ভাসছিল সানজিদার।
এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাইপর্বে সানজিদার এই গোলটাই এখন বাংলাদেশকে আরও দূরে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ বিকেল পাঁচটায় দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ গ্রুপের সবচেয়ে দুর্বল দল সংযুক্ত আরব আমিরাত। পরশু যারা ইরানের কাছে ৯ গোল খেয়েছে। এই ম্যাচে তাই জয়ের আশা তো করবেই বাংলাদেশের মেয়েরা। সবার হয়ে যেন সানজিদাই বলে দিলেন তা, ‘ইনশাআল্লাহ, আমিরাতকে সহজেই হারাতে পারব।’
প্রতিযোগিতার অন্য দলগুলো হোটেলে থাকলেও বাফুফে ভবনের চারতলায় আছে স্বাগতিক দল। পরশু জয়ের পর রাতে ভবনে ফেরার পর খেলোয়াড়দের মিষ্টিমুখ করিয়েছেন কর্মকর্তারা। জয়ের দুই নায়িকা সানজিদা ও লিপিকে এক হাজার টাকা করে পুরস্কার দিয়েছেন মহিলা উইংয়ের ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এ ছাড়া দলের সবাইকে জর্ডানের পতাকার লোগোওয়ালা কোটপিনও উপহার দিয়েছেন। পরে দিয়েছেন এক লাখ টাকা বোনাসেরও ঘোষণা।
ফুরফুরে মেজাজে থাকা মেয়েরা কাল বিকেলে কমলাপুর স্টেডিয়ামে ঘণ্টা দুয়েক অনুশীলন করেছে। পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোল আসায় জাতীয় মহিলা দলের জাপানি কোচ নরিও সুকিতাতে কাল ফরোয়ার্ডদের নিয়ে বাড়তি কাজ করেছেন। মাঠের অন্যপাশে প্রধান কোচ গোলাম রব্বানী ব্যস্ত ছিলেন অন্যদের নিয়ে। আরব আমিরাত যতই দুর্বল হোক, জয় পেয়ে গেছেন বলে ধরে নিচ্ছেন না তিনি। বরং সতর্ক করে দিচ্ছেন দলকে, ‘আমরা প্রতিটি দলকেই সমানভাবে দেখছি। আমিরাতের সঙ্গে ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জিতলে পরের রাউন্ডে ওঠার কাজটা অনেক সহজ হয়ে যাবে। আমরা প্রতিটি ম্যাচ ধরে খেলতে চাই। জর্ডানকে হারিয়ে অতি আত্মবিশ্বাসী হয়ে ওঠেনি মেয়েরা, এই ম্যাচে ওরা সতর্ক হয়ে খেলবে।’
একটা জয় কতখানি মনোবল বাড়িয়ে দিতে পারে এর সবচেয়ে বড় উদাহরণ বাংলাদেশের মেয়েরা। সবার চোখে-মুখে আত্মবিশ্বাসের ঝিলিক। স্ট্রাইকার লিপি আক্তার স্বপ্ন দেখছে আরও বড় সাফল্যের, ‘শুধু আমিরাত নয়, ইনশাআল্লাহ বাকি তিন দলকেই হারাতে পারব আমরা।’
সেটি পারলে তো ইতিহাসই হবে।