মেয়েদের ফুটবলে ব্যস্ত সময়
কমলাপুর স্টেডিয়ামের ডাগআউটে বসা জাতীয় মহিলা ফুটবল দলের নতুন কোচ সুকিতাতে নরিও। মাঠের এক পাশে অনুশীলনে ব্যস্ত জাতীয় মহিলা দল। আরেক পাশে অনূর্ধ্ব-১৬ দল। দুই দলের সামনেই বড় দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। আগামী ১৫-২৩ অক্টোবর ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। আগামী ১ থেকে ১৫ নভেম্বর পাকিস্তানে হবে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ। দুটো টুর্নামেন্ট সামনে রেখে ভীষণ ব্যস্ত সুকিতাতে নরিও ।
মেয়েদের দলের দায়িত্ব নিতে গত সপ্তাহে ঢাকায় এসেছেন নরিও। তাঁর অধীনে প্রতিদিন দুই বেলা অনুশীলন চলছে। অনুশীলনে এতটাই নিবেদতি যে সারা মাঠে দৌড়াদৌড়ি করে এবং বলে শট নিতে গিয়ে চোট পেয়েছেন। ডান পা এতটাই ফুলে গেছে যে ঠিকমতো হাঁটতেও পারছিলেন না কাল। খুঁড়িয়ে খুঁড়িয়েই মেয়েদের দিকনির্দেশনা দিয়ে গেলেন।
এক সপ্তাহ ঢাকায় এলেও গণমাধ্যমকে এড়িয়ে চলছেন নরিও। কোনো প্রশ্ন করলেই ক্ষমা চাইছেন, ‘ফেডারেশন আমাকে বলে দিয়েছে মিডিয়ার সঙ্গে কথা না বলতে। আমার চুক্তিতে এটা স্পষ্ট বলা আছে। তাই ফেডারেশনের অনুমতি ছাড়া কিছুই বলতে চাই না।’ কোচ এসে এই কদিনে কী শেখালেন? কোচের প্রসঙ্গে গোলরক্ষক সাবিনার মুখেও তালা, ‘কোচ সম্পর্কে কিছুই বলতে পারব না।’
স্থানীয় কোচ নিয়ে গত দুটি সাফ চ্যাম্পিয়নশিপে ভালো করেনি বাংলাদেশ। কক্সবাজারে প্রথম সাফে সেমিফাইনালে হেরেছিল ২০১০ সালে। শ্রীলঙ্কায় ২০১২ সাফে গ্রুপপর্বেই বিদায় নিয়েছিল সাবিনা খাতুনরা। এবার ভালো কিছুর প্রত্যাশায় বিদেশি কোচের শরণ নেওয়া। নরিও মূলত জাতীয় দল নিয়েই কাজ করবেন, তবে বয়সভিত্তিক দলগুলোও তাঁর সাহায্য-সহযোগিতা পাবে।
কাল প্রস্তুতি ম্যাচ শেষে সন্ধ্যার অন্ধকারের মধ্যে বসে গেলেন দুই দলের খেলোয়াড়দের নিয়ে। কে, কোথায় কোন ভুল করেছে, তা বুঝিয়ে দিচ্ছিলেন।
এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের জন্য ২০ আগস্ট থেকে শুরু হয়েছে আবাসিক ক্যাম্প, আর ২০ সেপ্টেম্বর থেকে চলছে সাফের ক্যাম্প। এরই মধ্যে অনূর্ধ্ব-১৬ দল ৬টি প্রস্তুতি ম্যাচ খেলেছে। জাতীয় দলের সঙ্গে দুটি ম্যাচ জিতেছে, হেরেছে দুটিতে। কাল শেষ প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের কাছে হেরেছে ৪-১ গোলে। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান, জর্ডান, ভারত ও সংযুক্ত আরব আমিরাত। ১৫ অক্টোবর জর্ডানের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু বাছাইপর্বে বাংলাদেশের অভিযান। ১৭ অক্টোবর খেলবে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে, ১৯ অক্টোবর ও ২৩ অক্টোবরের ম্যাচে প্রতিপক্ষ ভারত ও ইরান।