মেয়েদের সঙ্গেই 'যুদ্ধ' ম্যারাডোনার

২০১০ বিশ্বকাপ। মাঠে তারকাদের ভিড়। কিন্তু কখনো কখনো মাঠ ছাড়িয়ে চোখ বেশি আটকে থাকছে ডাগ আউটেই। সেখানে যে খোদ ডিয়েগো ম্যারাডোনা!
সেই বিশ্বকাপে দুই হাতে দুই ধরনের ঘড়ি পরে বেশ চমকে দিয়েছিলেন আর্জেন্টিনার তখনকার কোচ। এক হাতে আর্জেন্টিনার সময়, অন্য হাতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। যেন ম্যারাডোনা জানতে পারেন, আর্জেন্টিনায় কটা বাজছে। সেই অনুযায়ী খোঁজ নিতে পারেন দুই মেয়ের।
নিজের একমাত্র ছেলেকে ‘ছেলে’র স্বীকৃতি দিতে আদালতের কাঠগড়াতেও দাঁড়িয়ে ম্যারাডোনা যেন ছিলেন নিমরাজি। ঠিক উল্টো দুই মেয়ে জিয়ান্নিনা আর দালমার বেলায়। অন্যের হৃদয় থাকে একটা। ম্যারাডোনার হৃদয় যেন দুটি। দুই মেয়ে। এখন যে হৃদয়ের প্রায় পুরোটা দখল করে আছে নাতি বেঞ্জামিন। যে বেঞ্জামিনের সঙ্গে ফুটবল খেলাটা তাঁকে বোকা জুনিয়র্সের জার্সি পরে খেলার আনন্দ এনে দেয়, সেই নাতিকে আর চোখের দেখাও দেখতে পাচ্ছেন না। পারবেন কী করে? পুরো পৃথিবীর বিরুদ্ধে লড়াই করা ম্যারাডোনা যে এবার লড়ছেন মেয়েদের বিরুদ্ধেই!
ঠিক মেয়ে নয়, তাঁর অভিযোগ দালমা-জিয়ান্নিনাদের মা ক্লদিয়ার বিপক্ষে। বহু আগেই দাম্পত্য জীবনের ইতি টেনে দিলেও সম্পর্কটা ছিল। সেই সম্পর্কে কদর্যের কালি লাগে গত বছর, যখন ম্যারাডোনা সাবেক স্ত্রীর বিরুদ্ধে ৯০ লাখ ডলার আত্মসাতের অভিযোগ আনেন। ম্যারাডোনার অভিযোগ, তাঁর অর্থ দিয়ে তাঁকে না জানিয়ে যুক্তরাষ্ট্রে তিনটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন ক্লদিয়া। দাম ৬০ লাখ ডলারের মতো। এ ছাড়া উরুগুয়ের একটি ব্যাংকেও ৩০ লাখ ডলার গচ্ছিত আছে বলে অভিযোগ উঠেছে।
এক তদন্তে এই গোপন সম্পদের হিসাব উঠে এলে ম্যারাডোনা অর্থ আত্মসাতের মামলা ঠুকে দেন স্ত্রীর বিরুদ্ধে। এই মামলাতেই মায়ের পাশে দাঁড়িয়ে যাওয়ায় দুই মেয়েও হয়ে যান তাঁর প্রতিপক্ষ।
এক বিবৃতিতে এ নিয়ে আকুতি ঝরলেও ম্যারাডোনা ‘লড়াই’ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন, ‘ওরা সম্ভাব্য সব রকম চেষ্টাই করেছে আমাকে থামাতে। এমনকি আমি যেন চিন্তাভাবনা বদলাই, এ কারণে আমার নাতিকেও ব্যবহার করেছে। কিন্তু সফল হয়নি। কারণ আমি যা দাবি করছি তা ন্যায্য ও যথার্থ। জানি এর ফলে আমার নাতির সঙ্গে দূরত্ব আরও বাড়বে। আমার মেয়েরা মনে করে, আমিই অপরাধী। কিন্তু আমি ততক্ষণ ওকে (ক্লদিয়া) অভিযুক্ত করে যাব, যতক্ষণ না ও আমার চুরি করা সবকিছু ফেরত দেয়।’
এরপরই ম্যারাডোনার কণ্ঠে নানার আকুতি, ‘আমি এভাবেই লড়াই চালিয়ে যাব, যদিও আমার নাতিকে দেখতে না পেলে আমার হৃদয় ভেঙে যাবে। কিন্তু আমি লড়াই করবই।’ আইএএনএস।