মেয়েরা পেরেছে, পারল না ছেলেরা

বাংলাদেশের ফুটবলে অাজ ছিল মিশ্র অনুভূতির দিন। একদিকে মেয়েরা জয়ের আনন্দে ভাসিয়েছে বাংলাদেশকে, মালদ্বীপের বিপক্ষে জিতেছে ২-০ গোলে। আর উল্টোদিকে ছেলেরা দুর্বল ভুটানকে পেয়েও ১-১ গোলে ড্র করেছে।
মালদ্বীপের বিপক্ষে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতা ও দুর্ভাগ্য মিলিয়ে কোনোভাবেই গোল পাচ্ছিল না বাংলাদেশ। প্রথমার্ধেই কমপক্ষে চারবার গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু সাবিনা, মার্জিয়া, কৃষ্ণার ভুলে প্রতিবারই বেঁচে গিয়েছে মালদ্বীপ দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য বাংলাদেশ আরাধ্য সেই গোল পেয়ে যায়। ৪৭ মিনিটে দলের পক্ষে প্রথম গোল করেন মার্জিয়া। এর মিনিট দশেক পরেই গোলের আরেকটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। সাবিনা সহজ সুযোগ পেয়েও বলটি পাঠিয়ে দেন বারের ওপর দিয়ে। তবে খেলার ৭৩ মিনিটে এই ব্যর্থতা ঘোচান সাবিনা। মায়নুর কাছ থেকে পাওয়া বলটি জোরালো এক শটে পাঠিয়ে দেন জালে। বাংলাদেশ এগিয়ে যায় ২-০ গোলে। শেষ পর্যন্ত এই ব্যবধানেই ম্যাচ জেতে বাংলাদেশ।
ছেলেদের খেলায় কিন্তু হাসিমুখে মাঠ ছাড়তে পারেনি কেউই। নেপালের কাছে আগের ম্যাচেই ৫ গোল খাওয়া ভুটান আজকের ম্যাচ ১৯ মিনিটেই বাংলাদেশের জালে গোল দিয়ে বসে। প্রতি আক্রমণ থেকে গোল খেয়ে বসে বাংলাদেশ। ফরোয়ার্ড চেচো গিল্টসেনের বাড়িয়ে দেওয়া বলে আলতো টোকায় গোল করেন জিগমে শেরিং দর্জি। গোল খেয়ে যেন আড়মোড়া ভেঙে জেগে ওঠে বাংলাদেশ। ৪২ মিনিটে সমতায় ফেরান নাবিব নেওয়াজ জীবন। জামাল ভূঁইয়ার কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁয়ে ১-১ করেন। এরপর পুরো ম্যাচেই দুই দল কোনো গোল করতে পারেনি।
অথচ বাংলাদেশের হেসেখেলেই জেতা উচিত ছিল ভুটানের সঙ্গে। কিন্তু জয় দূরে থাক, কোনো রকম ড্র করে মাঠ ছেড়েছেন রেজাউলরা। হেমন্ত, রুবেল, জীবন, ইয়াসিন মিলে সহজ গোলের সুযোগ নষ্ট করেছেন অন্তত গোটা পাঁচেক। অথচ এই ম্যাচে জিতলে অাজই সেমিফাইনাল নিশ্চিত হতো বাংলাদেশের। এখন সেমিফাইনালে উঠতে হলে আগামীকাল নেপালের সঙ্গে বাংলাদেশকে অন্তত ড্র করতেই হবে। হারলেও শেষ চারে যাবে, সে ক্ষেত্রে ব্যবধানটা থাকতে হবে ৫ গোলের কম।