
খেলেছেন চেলসিতে। ভালো কাটেনি সময়টা। ইতালি ঘুরে এই মৌসুমে আবার ইংল্যান্ডে এসেছেন মোহামেদ সালাহ, এবার ঠিকানা লিভারপুল। ফর্মও দুর্দান্ত। গোল করছেন, করাচ্ছেন। স্প্যানিশ দৈনিক মার্কার সঙ্গে সাক্ষাৎকারে ২৫ বছর বয়সী মিসরীয় ফরোয়ার্ড খুলে দিলেন মনের জানালা। জানালেন বেড়ে ওঠা, ফুটবল ক্যারিয়ার আর স্বপ্নের কথা—
প্রশ্ন: ক্যারিয়ারের সেরা সময় পার করছেন?
সালাহ: এখন পর্যন্ত তো সেরাই বলা চলে।
প্রশ্ন: সেরা সময়টা এখনই কেন?
সালাহ: প্রিমিয়ার লিগের প্রতি আমার একটা ভালোবাসা আছে। তাই প্রথমবার এখানে (চেলসিতে) আসার পরই চেষ্টা ছিল ভালো খেলার। কিন্তু আমি যথেষ্ট সুযোগ পাইনি। রোমার হয়ে গত মৌসুমটা ভালোই কেটেছে। এরপর আমি লিভারপুলে এসে উইংয়ে খেলার সুযোগ পেলাম। সঙ্গে সুযোগ পেলাম বেশি বেশি গোল করারও।
প্রশ্ন: এত গোল করছেন, বিস্ময় লাগে না?
সালাহ: আমি যেখানেই খেলেছি, গোলই করতে চেয়েছি। এবার গোলের সংখ্যাটা অবশ্য একটু বেশিই। তবে তাতে আমি একদমই বিস্মিত নই।
প্রশ্ন: প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হতে পারবেন? হ্যারি কেনের সঙ্গে লড়াইটা তো চলছে...
সালাহ: সে অসাধারণ একজন খেলোয়াড়। টানা দুই মৌসুম সর্বোচ্চ গোলদাতা ছিল। তবে কেন ‘নাম্বার নাইন’ হিসেবে খেলে এবং আমার চেয়ে বেশি গোলের সুযোগ পায়। তারপরও আমি এটা (সর্বোচ্চ গোলদাতার পুরস্কার) জিততে চাই। দেখা যাক কী হয়!
প্রশ্ন: চেলসির হয়ে আপনার সময়টা ততটা ভালো ছিল না...
সালাহ: কারণ, আমি খেলার সুযোগই পাইনি! সেখানে আমি এক মৌসুম ছিলাম। কিন্তু প্রথম ছয় মাসের পর আমার মাঠেই নামা হয়নি।
প্রশ্ন: লিভারপুলকে বেছে নিলেন কেন?
সালাহ: এটা অসাধারণ একটা ক্লাব, দুর্দান্ত কিছু খেলোয়াড় আছে। সব মিলিয়ে দারুণ একটা দল। আমি আসলে (রোমায় খেলার সময়) ইংল্যান্ডে ফিরতে চেয়েছিলাম। লিভারপুলে খেলার সুযোগ পাওয়ায় আমি খুব খুশি হয়েছিলাম।
প্রশ্ন: ইয়ুর্গেন ক্লপের ভূমিকা?
সালাহ: আমি লিভারপুলে আসার আগে তাঁর সঙ্গে কথা বলেছিলাম। মাঠে এবং দলের সঙ্গে মানিয়ে নিতে তিনি আমাকে অনেক সাহায্য করেছেন।
প্রশ্ন: মিসর থেকে ইউরোপে এসে খেলার অভিজ্ঞতা?
সালাহ: একজন মিসরীয় হিসেবে ইউরোপে আসা এবং সর্বোচ্চ পর্যায়ে খেলাটা মোটেও সহজ ছিল না। এই পর্যায়ে প্রতিনিয়ত ভালো খেলার জন্য নিজের দেখভালটা ঠিকমতো করি। সঙ্গে চেষ্টা করি আমার লক্ষ্যে স্থির থাকতে। যারা আমার মতো হতে চায়, তাদের জন্য আমার পরামর্শ, এটা (সর্বোচ্চ পর্যায়ে খেলা) মোটেও সহজ নয়। কিন্তু কায়মনোবাক্যে কোনো কিছু চাইলে সেটা পাওয়া অবশ্যই সম্ভব।
প্রশ্ন: নাগ্রিগে (মিসরের গ্রাম, সালাহর জন্মস্থান) আপনার ছেলেবেলা কেমন ছিল? ভালো ছাত্র ছিলেন?
সালাহ: আমি মোটেও ভালো ছাত্র ছিলাম না (হেসে)। ছোট থেকেই ফুটবল ভালোবাসতাম। তাই সারাক্ষণ মাথায় ওটাই ঘুরত। বন্ধুদের সঙ্গে সারা দিন রাস্তায় ফুটবল খেলতাম। আর নাগ্রিগ আসলে আমার শিকড়। আমি কখনেই তা ভুলব না। সুযোগ পেলেই সেখানে ছুটে যাই, আর ফিরে আসি একরাশ ভালো লাগা নিয়ে।
প্রশ্ন: পেশাদার ফুটবলার হওয়ার ভাবনা কখন এল?
সালাহ: আমার প্রথম ক্লাব দ্য আরব কন্ট্রাক্টরসে যখন সুযোগ পাই, আমার বয়স মাত্র ১৬ বছর। সেই সময় থেকেই স্বপ্ন দেখেছি পেশাদার ফুটবলার হওয়ার। ১৬ বছর বয়সটা এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য হয়তো খুব কম। কিন্তু আমি নিজেকে বলেছিলাম, এটাই আমার সুযোগ এবং এটা হেলায় হারাতে চাই না। ভালো খেলোয়াড় হওয়ার জন্য কঠিন পরিশ্রমের শুরুটা মূলত তখন থেকেই।
প্রশ্ন: আপনার স্বপ্ন কী?
সালাহ: লিভারপুলকে প্রিমিয়ার লিগে ভালো অবস্থানে নিয়ে যাওয়া এবং আমার জাতীয় দলকে রাশিয়ায় বিশ্বকাপের গ্রুপ পর্ব পার করানোই আমার আপাত লক্ষ্য। বাকিটা পরে ভাবা যাবে।
প্রশ্ন: ব্যালন ডি’অর জিততে চান?
সালাহ: ফুটবলে আগে থেকে কিছুই বলা যায় না। ওটা জেতার মানে হচ্ছে, আপনি শীর্ষে পৌঁছে গেছেন। আমি কিন্তু এই মৌসুমে গোল কম করছি না।