মোরাতার রোদচশমা

গোলের পর কত রকম উদ্যাপনই তো দেখেছেন। কিন্তু গোল করে কখনো কাউকে রোদচশমায় চোখ ঢেকে উদ্যাপন করতে দেখেছেন? সেটাই দেখালেন আলভারো মোরাতা।
সান সিরোতে পরশু জুভেন্টাস-ইন্টার মিলানের ম্যাচটার তখনো মিনিট সাতেক বাকি, ১-১ সমতা চলছে। তখনই মোরাতার গোল। শেষ পর্যন্ত যেটি জুভেন্টাসকে এনে দিয়েছে ২-১ গোলের জয়ও। রোমাঞ্চকর মুহূর্তে গোলটা পেয়েছেন বলেই কি উদ্যাপনটা অন্য রকম হলো? জুভেন্টাস ফরোয়ার্ড যা বললেন তাতে ব্যাপারটা পরিকল্পিত কিছু ছিল না, ‘হয়তো আমি ভাগ্যবান ছিলাম, এ কারণেই গোলটা পেয়ে গেছি। কিন্তু এটাই ফুটবল। আর রোদচশমাটা কীভাবে যে হাতে এল জানি না। লিওনার্দো বোনুচ্চি আমার হাতে তুলে দিল, আমিও পরে নিলাম।’
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দুই লেগে ২ গোল করে ছিটকে দিয়েছেন তাঁর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদকে। পরশু মোরাতার গোলে কপাল পুড়েছে ইন্টারেরও। বুফন-ভিদাল-পিরলো-তেভেজ-এভরাকে ছাড়া খেলতে নামা খর্বশক্তির জুভেন্টাসের কাছে এ হারে ৩৬ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় ৮ নম্বরে নেমে গেছে ইন্টার। আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলতে হলে অন্তত ৬ নম্বরে থেকে মৌসুম শেষ করতে হবে ইন্টারকে। আরও বাজে অবস্থা ইন্টারের নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের। সাসসুয়োলোর কাছে কাল ৩-২ গোলে হারের পর মিলানের পয়েন্ট ৩৬ ম্যাচে ৪৬, সিরি ‘আ’তে অবস্থান ১০ নম্বরে। আগামী মৌসুমে ইউরোপিয়ান কোনো টুর্নামেন্টে মিলান থাকছে না এটা নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে। এএফপি, ইএসপিএন।