মোরাতায় এগিয়ে রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু ছিল তাঁর ২৪তম জন্মদিন। তাতে নিজেকে নিজেই বড় উপহারটা দিলেন আলভারো মোরাতা (ডানে)। বদলি নেমে গোল করে জেতালেন রিয়াল মাদ্রিদকে l ছবি: রয়টার্স
পরশু ছিল তাঁর ২৪তম জন্মদিন। তাতে নিজেকে নিজেই বড় উপহারটা দিলেন আলভারো মোরাতা (ডানে)। বদলি নেমে গোল করে জেতালেন রিয়াল মাদ্রিদকে l ছবি: রয়টার্স

শুরুতেই একটা চমকে দেওয়া খবর, অ্যাটলেটিকো মাদ্রিদ হেরেছে!
লিগ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে মৌসুমের আগের ১১ ম্যাচে কেউ হারাতে পারেনি ডিয়েগো সিমিওনের দলকে। সেই যাত্রাটা থমকে গেল পরশু। থামিয়ে দিল সিমিওনেরই স্বদেশি কোচ হোর্হে সাম্পাওলির দল। স্টিভেন এনজোনজির গোলে পরশু ১০ জনের অ্যাটলেটিকোকে ১-০ গোলে হারিয়েছে সেভিয়া।
আরেকটি বড় খবর, ক্রিস্টিয়ানো রোনালদোর শুটিং বুট খুঁজে পাওয়া যাচ্ছে না। মৌসুমের শুরু থেকেই গোলমুখে কিছুটা অচেনা রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। পরশুও দেখা মেলেনি চেনা রোনালদোর। পর্তুগিজ তারকা একের পর এক গোলের সুযোগ নষ্ট করার পরও জিতেছে রিয়াল। ‘সুপার সাব’ আলভারো মোরাতার সৌজন্যে অ্যাথলেটিক বিলবাওকে ২-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের দল।
আগের দিন বার্সেলোনা শেষ মুহূর্তের গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। রিয়াল ও অ্যাটলেটিকো—দুই দলেরই তাই নিজেদের ম্যাচ জেতাটা ‘অবশ্যকর্তব্য’ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু অ্যাটলেটিকো খেল ধাক্কা, আর বিলবাওয়ের কঠিন লড়াইয়ের মুখেও ঠিকই বাঁও খুঁজে নিল রিয়াল। এ পরিস্থিতিতে একটি ধারণাও বেশ আলোচিত হচ্ছে, স্প্যানিশ লিগ এবার আর শুধু বড় তিন দলের লড়াই না-ও থাকতে পারে। ঠারেঠোরে আওয়াজ তুলছে সেভিয়া-ভিয়ারিয়ালও।

আপাতত দৌড়ে রিয়ালকে এগিয়ে রাখলেন মোরাতা। ৭ মিনিটে বেনজেমার গোলটি কাটাকাটি হয়ে যায় ২৭ মিনিটে সাবিন মেরিনোর গোলে। ৮৩ মিনিটের গোলে রিয়ালকে জেতালেন দ্বিতীয়ার্ধে বদলি নামা ‘বার্থডে বয়’ মোরাতা। রঙিনই হয়ে থাকল মোরাতার ২৪তম জন্মদিন।

এই জয়ে ২১ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষেও উঠেছে রিয়াল। কোচ জিদানের কাছে এ মুহূর্তে এটিই বড় তৃপ্তি, ‘এই লিগে সহজ ম্যাচ বলতে কিছু নেই। তাই আমাদের শিখতে হবে, কীভাবে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হয়। লিগ শীর্ষে থাকতে পেরে আমরা খুশি।’ মার্কা, বিবিসি।