মোরেনোকে নিয়ে ব্যস্ত বাফুফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুব কোচ হিসেবে গঞ্জালো সানচেজ মোরেনোর নাম কয়েক দিন আগে চূড়ান্ত করা হয়েছিল। জরুরি সভা ডেকে কাল তাঁর নিয়োগ অনুমোদন করেছে বাফুফের নির্বাহী কমিটি।
বার্সেলোনার একাডেমিতে বেড়ে উঠেছেন, পরে বার্সার ‘বি’ দলে খেলা মোরেনোর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হওয়ার কথা রোববার। আপাতত নিয়োগ হবে ছয় মাসের জন্য। কোচের মাসিক বেতন আড়াই হাজার ডলার, যা দেবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যবসায়িক প্রতিষ্ঠান এসএস স্টিল।
বাফুফে ভবনে কাল মোরেনোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের। প্রস্তুতি পর্বের শুরুতে তাঁর হাতে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব–১৬ দলের খেলোয়াড়দের দেওয়া হবে। কয়েক দিনের মধ্যেই প্রস্তুতি পর্বে নামবেন মোরেনো।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলে তাঁদের অনুপ্রাণিত করেছেন। তবে ঢাকায় সদ্য শেষ হওয়া এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলে বাংলাদেশ দলের সামগ্রিক পারফরম্যান্সে নিজের হতাশা অবশ্য গোপন করেননি। খেলোয়াড়দের বলেছেন, শ্রীলঙ্কাকে হারানোর পর ভুটানের সঙ্গে ড্রটা ছিল একেবারেই অগ্রহণযোগ্য।
অনূর্ধ্ব-১৯ দলের ২৩ খেলোয়াড়কেই ডাকা হলেও অনুষ্ঠানে ছিলেন না সাতজন! না আসা খেলোয়াড়দের দল থেকে বাদ দেওয়ার তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন সালাউদ্দিন। তবে কী কারণে ওই খেলোয়াড়েরা আসেনি, তা খোঁজ নিয়ে দেখছেন সংশ্লিস্ট কর্মকর্তারা। বাফুফের ডেভেলপমেন্ট কমিটির প্রধান বাদল রায় বললেন, ‘যৌক্তিক কারণ ছাড়া এরা না এলে বাদ দেওয়া হবে।’ সব দেখে সালাউদ্দিনের কণ্ঠে হতাশার সুর, ‘বিদেশি কোচ নিলেও নতুনরা খেলার প্রতি মনোযোগী না হলে কোনো ফল আসবে না।’