মোহামেডান-ইস্টবেঙ্গল 'যুদ্ধের' দামামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বাংলার শীর্ষ ক্লাবের দ্বৈরথ বাঙালিদের কাছে বরাবরই ভিন্ন স্বাদের। ২০০২ সালে এএফসি কাপে মুক্তিযোদ্ধার সঙ্গে ঢাকায় সর্বশেষ ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল। শেখ কামাল টুর্নামেন্ট আবার দলটিকে বাংলাদেশে খেলার সুযোগ করে দিয়েছে। গ্রুপ পর্বে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা কলকাতার পরাশক্তি পরশু চাপের মুখে পড়েও শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে উঠে গেছে শেষ চারে।
আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে ইস্টবেঙ্গলের সামনে ঢাকা মোহামেডান। আফগানিস্তানের বাজান ক্লাবের সঙ্গে চট্টগ্রাম আবাহনীর লড়াইটাকে বলা যেতে পারে চট্টগ্রামবাসীর জন্য ‘ঘরের আবেগ’, কিন্তু উপমহাদেশের দুই পরাশক্তি ইস্টবেঙ্গল-মোহামেডান ম্যাচটা চিরকালীন এক আবেগময় লড়াই, যার ব্যাপ্তি ছড়িয়ে আছে গোটা বিশ্বের বাংলাভাষীদের মধ্যেই।
সেমিফাইনালের চারটি দলেরই কাল যে সংবাদ সম্মেলন হলো, তাতে ইস্টবেঙ্গলকে মনে হলো খুব প্রত্যয়ী। মোহামেডান চোটাঘাতে জর্জরিত। ছয়-সাতজন খেলোয়াড়কে বাইরে রেখে তৃতীয় ম্যাচ খেলতে নামা মোহামেডান দুই দিন বিশ্রাম পাচ্ছে। কোচ জসিমউদ্দিন জোসি সেই সুযোগটাই নিতে চান, ‘এই দুই দিনে আমার কয়েকজন খেলোয়াড় ফিট হয়ে উঠবে এবং আশা করি ইস্টবেঙ্গলকে ভালোভাবেই নিজেদের সামর্থ্যটা দেখাতে পারব।’
ইস্টবেঙ্গল কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য শুরু থেকেই বলে আসছিলেন, তাঁর দলের একঝাঁক নবীনের জন্য এটা বড় সুযোগ। কালও সেটিই বলে গেলেন। প্রতিপক্ষ হিসবে ঢাকা মোহামেডানকে সম্মান দেখাতেও ভুললেন না, ‘আমরা সব প্রতিপক্ষকেই শ্রদ্ধা করি।’ মোহামেডানের খেলা দেখে তাঁর উপলব্ধি, ‘সেমিফাইনালটা অবশ্যই সহজ হবে না। আমার তো মনে হয় কঠিন একটা লড়াই-ই অপেক্ষা করছে।’
মোহামেডানের অরূপ বৈদ্য ও ইস্টবেঙ্গলের দীপক মণ্ডল করমর্দন করলেন ফটো সাংবাদিকদের সামনে। তবে পাঞ্জা লড়ার মতো করে বুঝিয়ে দিলেন, মাঠে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়বে না কাল। দুই বাংলার অহমের যুদ্ধও যে এটি!