মোহামেডান কী ঐতিহ্যের কঙ্কাল হচ্ছে!

ভাগ্যিস গ্যালারিতে তেমন দর্শক ছিল না। নইলে গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে বেরোতে অনেক কাঠখড় পোড়াতে হতো মোহামেডান ফুটবল দলকে। কিন্তু আগের সেই ফুটবলীয় উত্তেজনা না থাকায় নির্বিঘ্নেই মাঠ থেকে ক্লাবে যেতে পেরেছেন মোহামেডানের খেলোয়াড়-কর্মকর্তারা। আগের মতো পাঁড় সমর্থক না থাকায় সাদাকালো ক্লাব টেন্টও সুনসান। অতীতের সেই উত্তেজনা থাকলে নির্ঘাত সেখানে ঢিল পড়ত।
গত কয়েক বছর ধরেই মোহামেডান ফুটবল দল ধুঁকছে। ভালো ফল নেই। দশ বছর আগে পেশাদার লিগ চালুর পর এখনো শিরোপা ঘরে তোলা হয়নি। প্রথম তিনবার রানার্সআপ। সেই থেকে আর রানার্সআপ হওয়ার সান্ত্বনাটুকুও জুটছে না। কখনো তিন, কখনো চার, কখনো বা পাঁচ-ছয়। এবার তো ব্যর্থতার সব উদাহরণ ছাপিয়ে মোহামেডান গড়েছে লজ্জার এক রেকর্ড! চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী হয়েছে চ্যাম্পিয়ন, সেখানে লিগের শেষ দিকে এসে মোহামেডানের ওপর রীতিমতো জেঁকে বসেছিল অবনমনের শঙ্কা, যা থেকে মুক্তি মিলেছে শেষ ম্যাচের আগের ম্যাচে এসে! ১৯৩৬ সালে প্রতিষ্ঠার পর এমন বিব্রতকর অবস্থায় কখনো পড়তে হয়েছে, সে-ও এক গবেষণার বিষয়।
পয়েন্ট টেবিলে পেছাতে পেছাতে গতকাল চূড়ান্ত হয়েছে দলটির অবস্থান। নিজেদের শেষ ম্যাচে উত্তর বারিধারার সঙ্গে ড্র করে ১২ দলে ১০ম! শেষ মুহূর্তে অবনমন অন্তত বাঁচানো গেছে, এই ‘স্বস্তি’তেই যেন হাফ ছেড়ে বাঁচলেন কর্মকর্তারা! কিন্তু মেঘ কেটে যাওয়ার কোনো লক্ষণ নেই, বরং সামনের চলার পথটাকে মনে হচ্ছে আরও ঝঞ্ঝাবিক্ষুব্ধ।
মোহামেডান কোথায় নেমেছে একটা পরিসংখ্যানেই পরিষ্কার। এবার লিগে দলটির পয়েন্ট ম্যাচের সংখ্যার চেয়েও কম! ২২ ম্যাচে ২০! জয় যেন সোনার হরিণ। লিগে মেরেকেটে জয়ের ঘরে দাগ পড়েছে মাত্র ৩টি। লিগে প্রথম জয়ই পেয়েছে দশম ম্যাচে এসে, শেখ জামালের বিপক্ষে (১-০)। আবাহনী, চট্টগ্রাম আবাহনী, শেখ জামাল, শেখ রাসেলের মতো শিরোপাপ্রত্যাশী দলগুলোর বিপক্ষে জয় বলতে এই একটিই। সব মিলিয়ে লিগে ১১ ড্র আর ৮ হার! গোল করেছে ২০টি, খেয়েছে তার চেয়েও নয়টি বেশি। অথচ এক সময় মোহামডান মানেই ছিল জয়, ড্র করলেই সমর্থকেরা ভাঙচুর করতেন ক্লাবে। হারলে তো রক্ষা নেই। এখন হার বা ড্র মোহামেডানের নিত্যসঙ্গী।
দুরবস্থার কারণটা অবশ্য জানাই। ভালো দল গড়া হয়নি। কোনোরকম টিকে থাকতে নবীন ফুটবলার নিয়ে মৌসুম পার করা চিন্তায় ভালো ফল তো আসবে না। প্রথম আট ম্যাচ পর জোসিমউদ্দিন জোসি সরে গেলে স্বীকৃত কোনো কোচও ছিল না দলটির। সাবেক ফুটবলার মিজানুর রহমান ডন কাগজ-কলমে কোচ। কিন্তু তিনি যেন কাঠের পুতুল, ম্যাচের আগে-পরে সাংবাদিকদের সামনে মুখে যেন কুলুপ আঁটেন। কথা বলতে তাঁর যেন রাজ্যের ভয়। দল পরিচালনায় বরং অগ্রণী ভূমিকায় দেখা গেছে ম্যানেজার আমিরুল ইসলাম বাবুকে! এই যদি হয় বাস্তব অবস্থা, এই দল আর কতটাই বা এগোতে পারে!
পথহারা এই মোহামেডানকে দেখে সাবেকরা কপাল চাপড়ান, হা হুতাশ করেন। কিন্তু তাঁরাও হাল ছেড়ে ঘরে বসে আছেন। ঢাকার ফুটবল শুরু থেকে শেষ পর্যন্ত মোহামেডানে খেলা বাদল রায় সবাইকে সরব হওয়ার কথা বলছেন, ‘ক্লাবটা এভাবে চলতে পারে না। সবাই মিলে একটা সমাধান বের করতে হবে।’ কিন্তু সেই কাজটা আর হয় না। বাদল তবু আশায়, ‘মোহামেডান ফুটবল দল লিগে ১২ দলে দশম হবে এটা অবিশ্বাস্য, লজ্জারও। কিন্তু এ লজ্জা মুছে ভালো কিছুর দিকে আমাদের পা বাড়াতে হবে।’
মোহামেডানের নীতিনির্ধারকদের মুখে নানা সীমাবদ্ধতার বয়ান, স্পনসর নাকি আসতে চায় না মোহামেডানে। তবে বাস্তবতা হলো, অনেক স্পনসরশিপ আছে, সেগুলো নিয়ে আসার মতো সাংগঠনিক দক্ষতা বর্তমান সময়ের মোহামেডানে নেই। শোনা যাচ্ছে, মোহামেডানের হাল ধরতে বড় কোনো ব্যবসায়ীকে নিয়ে আসার তৎপরতা চলছে। তবে ওই সব ব্যবসায়ীরা আসার আগে মেলাতে চান অনেক অঙ্ক।
অবশ্য টাকা এলেও কতটা লাভ হবে, তা নিয়ে সংশয় থাকছেই। অন্য বড় দলগুলো যখন শক্তিশালী দল গড়ে, মোহামেডান তখন ঘুমায়। এই নিষ্প্রভতার পেছনে বড় যুক্তি, বড় বাজেটে দল গড়েও লাভ লাভ হয়নি। কথাটা আংশিকভাবে সত্যি, কিন্তু লাভ-লোকসান বাদ দিয়ে মোহামেডানের জন্য ঐতিহ্য মেনে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়াই তো প্রত্যাশিত। সেটাই আশা করেন সাদাকালোর আরেক সাবেক গোলাম সারোয়ার টিপু, ‘মোহামেডান বেশ কয়েক বছর ধরেই আর চ্যাম্পিয়ন দল গড়ে না। আরে, মোহামেডান তো চ্যাম্পিয়ন দল গড়বে, সেটাই সবার চাওয়া। সেই চাওয়া পূরণ হচ্ছে না দেখে এখন তো আর আমি ক্লাবেও যাই না।’
সমস্যা আছে আরও। ফুটবলারদের কাছ থেকে সেরাটা আদায় করতেও ব্যর্থ হচ্ছে মোহামেডান। কোনো কোনো খেলোয়াড় এর আগে ফাঁকি দিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে গেছেন। বড় বাজেটে দল গড়ার ফল না পেয়ে এখন নতুন খেলোয়াড় নেওয়ার নীতি নিয়েছেন কর্তারা। তবে সাংগঠনিক কিছু ব্যর্থতা মেনে নিয়ে দলটির ম্যানেজার আমিরুল ইসলাম এবারের ব্যর্থতার দায় চাপালেন বিদেশি ফুটবলারদের ওপর, ‘বিদেশি খেলোয়াড়দের কাছ থেকে আমরা ভালো সার্ভিস পাইনি। এ জন্যই এবার ফল খারাপ হয়েছে।’
তবে আসল সত্য এই, মোহামেডান কয়েক বছর ধরে ভালো বিদেশি নিচ্ছে না। এক ইসমাইল বাঙ্গুরাই এবার যা একটু ঢাকা মাঠের পরিচিত আফ্রিকান, সাধ্যমতো চেষ্টাও করেছেন তিনি। কিন্তু স্থানীয় অনেকেই মোহামেডানের জার্সির ভারটা নিতে পারেননি অভিজ্ঞতার অভাবে। তারকাহীন এই মোহামেডানকে এখন চিনতে হয় জার্সি দেখে! এবার স্বাধীনতা কাপ এবং ফেডারেশন কাপেও দলটি ছিল অনুজ্জ্বল। বিদায় নিয়েছে সেমিফাইনালের আগেই।
সব ছাপিয়ে ‘লিগ লজ্জাই’ বুকে বিধেঁ মাঠে আসা হাতে গোনা মোহামেডান সমর্থকের। দলটির গৌরবের ইতিহাসে কালির দাগ পড়ল। সে কালি সহজে মুছবে কি? ঘুরে দাঁড়াবে মোহামেডান?