মোহামেডান ছেড়ে নিষিদ্ধ জাহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক সম্ভাবনা নিয়ে বাংলাদেশের ফুটবলে তাঁর আগমন। কিছুদিন আগেও অনেকের চোখে ছিলেন দেশসেরা ফুটবলার। সেই জাহিদ হোসেনের ওপর এখন ঝুলছে নিষেধাজ্ঞার খড়্গ। মোহামেডান ক্লাব তাঁকে দুই বছর নিষিদ্ধ করে বাফুফেকে চিঠি দিয়েছে।
আগামী দুই মৌসুম জাহিদ যাতে দলবদল করতে না পারেন, সেই ব্যবস্থা নিতে বাফুফের কাছে আবেদন করেছে মোহামেডান। তবে বাফুফে বলছে, ক্লাব কোনো খেলোয়াড়কে নিষিদ্ধ করতে পারে না, শুধু সুপারিশ করতে পারে বাফুফের কাছে। সিদ্ধান্ত নেবে বাফুফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। সেই কমিটির কাছে পাঠানো হচ্ছে জাহিদের ‘মামলা’।
মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া অবশ্য দাবি করেছেন, ‘ক্লাব খেলোয়াড়কে নিষিদ্ধ করতে পারবে।’ জাহিদকে নিষিদ্ধ করার ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘এ মৌসুমে সে মোহামেডান থেকে ৩৪ লাখ টাকা নিয়েও মৌসুমের প্রায় পুরো সময়ই নানা অজুহাতে খেলেনি। চারবার শোকজ করলেও উত্তর দেয়নি। ক্লাবের শৃঙ্খলা ভেঙেছে, এ কারণেই আমরা ওকে দুই বছর নিষিদ্ধ করেছি।’
ব্যাপারটা নিয়ে নির্বিকার জাহিদের বক্তব্য ‘এখন কিছু বলতে চাই না। পরে বলব।’ মোহামেডানের কারণ দর্শাও নোটিশের জবাব না দেওয়ার অভিযোগ প্রসঙ্গে এই উইঙ্গারের কথা, ‘জবাব দিয়েছি। তবে একটু দেরিতে। আমি বাড়িতে ছিলাম। অসুস্থ থাকায় দেরি হয়েছে।’
গত বছর নেপালে সাফ ফুটবলে জাতীয় দলের জার্সিতে জাহিদের পারফরম্যান্স ছিল প্রশ্নবিদ্ধ। দলবদলের ভালো অর্থ পাওয়ার জন্য পা বাঁচিয়ে খেলেছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনে বাফুফের তদন্ত কমিটি। লেবাননের বিপক্ষে ঢাকায় আন্তর্জাতিক ম্যাচে কোচ নিকোলা ইলিয়েভস্কি মাঠ থেকে তাঁকে তুলে নিলে ক্ষুব্ধ হয়ে পানির বোতলে লাথি মেরে শাস্তি পেয়েছিলেন। মেজাজ হারিয়ে এমন আরও অনেক কাণ্ডই করেছেন টাঙ্গাইলের তরুণ।
পাঁচজনকে কারণ দর্শাও নোটিশ: ক্লাবের অনুমতি ছাড়া শেখ রাসেলের সঙ্গে অনুশীলন করায় জাহিদসহ এমিলি, মামুন খান, নাহিদ ও ইমন বাবুকে কাল দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মোহামেডান। সপ্তাহ খানেক পর শেখ রাসেলের সঙ্গে মোহামেডানের এই পাঁচ খেলোয়াড়ের কলম্বো যাওয়ার কথা এএফসি প্রেসিডেন্টস কাপে খেলতে। জাহিদের দাবি, ‘আমরা মোহামেডানের অনুমতি নিয়েই শেখ রাসেলের সঙ্গে যাচ্ছি।’ তবে মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান ভূঁইয়া বলছেন, ‘এই খেলোয়াড়দের আমরা শেখ রাসেলের সঙ্গে অনুশীলন করতে বা কলম্বো যেতে অনুমতি দিইনি। কাজেই ওরা যেতে পারবে না।’
শেখ রাসেলের কর্মকর্তা সালেহ জামান সেলিম এতে বিস্মিত, ‘পাঁচ খেলোয়াড়ের ব্যাপারে মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জের কাছ থেকেই অনুমতি নিয়েছি আমরা। এত দিন পর এসব কথা কেন?’