মোহামেডানকে চমকে দিতে পারেনি স্বাধীনতা

স্বাধীনতাকে চমক দিতে দেয়নি মোহামেডানছবি: তানভীর আহাম্মেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এত আক্রমণ করে লাভ কী, যদি গোলই না করতে পারি। দেখা যাবে ওরা একটা সুযোগ পেয়ে একটাতেই গোল,’ প্রথমার্ধ শেষে কথাটি বলছিলেন মোহামেডান স্পোর্টিং লিমিটেডের পাঁড় সমর্থক।

দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হওয়ার কথা থাকলেও মানিকের মতো ঢাকা থেকে খেলা দেখতে গ্যালারিতে জড়ো হয়েছিলেন মোহামেডানের কিছু দর্শক। শেষ পর্যন্ত মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম থেকে জয়ের হাসি নিয়েই মাঠ ছেড়েছেন তাঁরা। প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে ১–০ গোলের জয় পেয়েছে মোহামেডান।

প্রিমিয়ার লিগে অভিষেক ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়ে হইচই ফেলে দিয়েছে স্বাধীনতা। দারুণ এক জয়ের অনুপ্রেরণা নিয়েই আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল দলটি। কিন্তু প্রতিদিন তো আর চমক উপহার দেওয়া যায় না। মোহামেডান বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ নষ্ট না করলে বড় ব্যবধানে হারতে হতো তাদের। ১–০ গোলের স্কোর লাইন কোনোভাবেই বোঝাতে পারছে না ম্যাচের চিত্র।

সুলেমান দিয়াবাতেই শেষ পর্যন্ত নায়ক মোহামেডানের
ছবি: তানভীর আহাম্মেদ

প্রথম ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ১–১ গোলে ড্র করেছিল মোহামেডান। করোনায় আক্রান্ত হওয়ায় সে ম্যাচে খেলতে পারেননি মোহামেডানের মেসিডোনিয়ান ডিফেন্ডার জাসমিন। আজ তিনি ফিরলেও করোনায় আক্রান্ত হয়ে মাঠের বাইরে ছিলেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার অ্যারন জন। সে সুযোগ নিতে পারেনি স্বাধীনতা। অবশ্য তাদের একাদশেও ছিল না দুই বিদেশি খেলোয়াড়।

প্রথমার্ধে মোহামেডানের আক্রমণের চাপে চিড়েচ্যাপ্টা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল স্বাধীনতার। অধিনায়ক সুলেমান দিয়াবাতে ছিলেন সুপার ফ্লপ। ৯ মিনিটের ব্যবধানে ম্যাচের সবচেয়ে সহজ দুটি গোলের সুযোগ নষ্ট করেছেন তিনি। ম্যাচের ১৫ মিনিটে প্রথমে যে সুযোগ দিয়াবাতে নষ্ট করেন, সেটি মিস করাটাই বরং বেশি কঠিন ছিল। শাহরিয়ার ইমনের ক্রস থেকে গোলমুখে দাঁড়িয়ে কেবল পা ছোঁয়ানোটাই প্রয়োজন ছিল তাঁর, সে কাজই করতে পারেননি মালির এই স্ট্রাইকার। দ্বিতীয় মিসটি ২৪ মিনিটে, হেড করে ফাঁকা পোস্টেও বল রাখতে পারেননি।

স্কোরলাইন ম্যাচের আসল চিত্র দেখাচ্ছে না
ছবি: তানভীর আহাম্মেদ

মোহামেডানের আক্রমণের চাপে একপর্যায়ে দিশাহারাই হয়ে পড়েছিল স্বাধীনতা। মোহামেডানের বক্সে ঢোকা তো দূরের কথা, স্বাধীনতা প্রথম কর্নারই পায় ৩২ মিনিটে। প্রতিপক্ষকে এমন চেপে ধরেও কাজের কাজটি, অর্থাৎ গোল করতে পারছিল না মোহামেডান। ৭৭ মিনিটে সেই দিয়াবাতেই গোল করে দলকে জিতিয়েছেন। আশরাফুল হকের লম্বা থ্রোইনে জাসমিন ফ্লিক করলে গোলমুখে পড়া বলেই টোকা দিয়ে তা জালে জড়ান দিয়াবাতে।

৮৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাধীনতার ডিফেন্ডার হাসান মুরাদ। ম্যাচের শেষের দিকে দুটি ভালো সুযোগ তৈরি করতে পারলেও সমতায় আর ফেরা হয়নি তাদের। ২ ম্যাচ শেষে মোহামেডানের পয়েন্ট ৪ আর স্বাধীনতার ৩।