মোহামেডানকে বাঁচাবে কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোচ ছুটিতে। নেই সহকারী কোচ। ম্যানেজারই দলকে অনুশীলন করিয়েছেন আবাহনী ম্যাচের আগে। ছবি: শামসুল হক।
কোচ ছুটিতে। নেই সহকারী কোচ। ম্যানেজারই দলকে অনুশীলন করিয়েছেন আবাহনী ম্যাচের আগে। ছবি: শামসুল হক।

একসময় যে ব্যাপারগুলো ছিল মোহামেডান-সমর্থকদের চিন্তারও বাইরে, ঠিক সেগুলোই দুই মৌসুম ধরে ঘটে চলেছে। প্রিয় ক্লাব গত মৌসুমে কোনোমতে অবনমন এড়িয়েছে। এই মৌসুমে প্রথম তিন ম্যাচে এখন পর্যন্ত পয়েন্টের দেখা পায়নি দেশের অন্যতম দর্শকনন্দিত ঐতিহ্যবাহী এই ক্লাব।

এই দুর্দশা মেনেই নিতে পারছেন না মোহামেডান-সমর্থকেরা। উদ্বিগ্ন নিখাদ ফুটবলপ্রেমীরাও। তাঁদের মনে শঙ্কা, তবে কি ভিক্টোরিয়া, আজাদ স্পোর্টিং কিংবা ঢাকা ওয়ান্ডারার্সের ভাগ্য বরণ করতে যাচ্ছে দেশের ফুটবলের অন্যতম এই নাম? সমর্থক-ফুটবলপ্রেমীরা যতই চিন্তিত হন, যাঁদের নিয়ন্ত্রণে এই ক্লাব, তাঁদের মধ্যেই কোনো হেল-দোল নেই। ‘থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়’—এটিই যেন মোহামেডানের কর্তাব্যক্তিদের মূলমন্ত্র।

মোহামেডান ক্লাব-প্রাঙ্গণে ঢুকলে মুগ্ধই হবে যে-কেউ। মতিঝিল বাণিজ্যিক এলাকার কেন্দ্রে শত কোটি টাকার জমিতে দাঁড়িয়ে এই ক্লাব। প্রচুর মানুষের আনাগোনা। একটা সাজ সাজ রব। কিন্তু যে উদ্দেশে এই জৌলুশ, চারদিকে সেটিই অনুপস্থিত, তা একটু খেয়াল করলেই বোঝা যায়।

এই মৌসুমে নাকি ‘কোটি টাকা’ খরচ করে ‘ভালো’ দল গড়েছে মোহামেডান। গতবার দল ভালো ছিল না। লিগে ফল খারাপ হওয়ার ব্যাপারটি সমর্থকেরা মোটামুটি মেনেই নিয়েছিলেন। কিন্তু এবার ‘ভালো দল’ গড়ে কী লাভ হয়েছে, সেই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে মোহামেডান, হেরেছে ৫টিতেই। একসময় যেকোনো টুর্নামেন্টে ‘রানার্সআপ’ হওয়াই যে ক্লাবের কাছে ব্যর্থতা ছিল, তাদের কী দুর্দশা, ভাবা যায়! মৌসুমে এখন পর্যন্ত ৮ গোল খাওয়ার বিপরীতে মাত্র ২টি গোল করতে পেরেছে তারা। পরিসংখ্যানই বলছে, ডুবন্ত অবস্থা এখন এই ক্লাবের।

ক্লাব পরিচালনায় কোনো শৃঙ্খলা নেই। ভারত থেকে সৈয়দ নঈমুদ্দিনকে কোচ হিসেবে নিয়ে এসেও কোনো লাভ হয়নি। নঈমুদ্দিন লিগ শুরু হওয়ার পর থেকেই ‘পারিবারিক’ কাজে কলকাতায় বসে আছেন, সেটি তিনি থাকতে পারেন। কিন্তু মোহামেডানের মতো একটা ক্লাবের কোনো সহকারী কোচ থাকবে না? এটা কীভাবে হয়? দলটির ‘সর্বেসর্বা’ আমীরুল ইসলাম বাবু। তিনি দলের ম্যানেজার। আবাহনীর বিপক্ষে ম্যাচের আগে বাবুই বুট-টুট পরে খেলোয়াড়দের নিয়ে অনুশীলনে নেমেছিলেন। অপেশাদারির কী হৃদয়বিদারক উদাহরণ!

মোহামেডানের সাবেক তারকা ও জাতীয় দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি ভাষা হারিয়ে ফেলেছেন এই দৃশ্য দেখে। আমীরুল ইসলাম বাবুর ‘কোচ’ বনে যাওয়াই তাঁর দৃষ্টিতে মোহামেডানের দুরবস্থার প্রমাণ, ‘চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে খেলা দেখতে গিয়েছিলাম। দেখি কোচ নেই, ম্যানেজার খেলোয়াড়দের দিকনির্দেশনা দিচ্ছে। আমি অবাক হয়েছি। আবাহনী লিমিটেডের বিপক্ষেও তাই। এই দলের কাছে কীভাবে ভালো কিছু আশা করব! এই দুরবস্থা তো এক দিনে হয়নি। বছরের পর বছর ধরে হয়ে আসা অনিয়মের কারণেই এই অবস্থা।’

ফুটবল ‘পেশাদারি যুগে’ প্রবেশের পর মোহামেডান শিরোপা-লড়াইয়ের দৃশ্যপট থেকে হারিয়েই গেছে। পেশাদার লিগের নয় মৌসুম পেরিয়ে গেলেও মোহামেডান এখনো লিগ-শিরোপা জয় করতে পারেনি। গত লিগের ১২ দলের মধ্যে ১০ হয়ে লিগ শেষ করেছিল মোহামেডান। ২২ ম্যাচে পয়েন্ট পেয়েছিল ২০। মোহামেডানের মতো দলের ম্যাচের চেয়ে পয়েন্ট কম। আর কত-কী দেখবেন ক্লাব-অন্তঃপ্রাণেরা! ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবের এমন ফল ছিল সাংগঠনিক অদক্ষতা ও উদাসীনতার কারণেই।

এবার কোটি টাকা খরচ করলেও মোহামেডানের দল নিয়ে একেবারেই খুশি হতে পারেননি সমর্থকেরা। দলে আছেন জাহিদ হাসান এমিলি, মিঠুন চৌধুরী, ফয়সাল মাহমুদের মতো খেলোয়াড়েরা। কিন্তু মাঠে গত কয়েক মৌসুমে এই খেলোয়াড়দের পারফরম্যান্স খুবই খারাপ। কিন্তু সব জেনেও তাঁদেরই কেন দলে আনা হলো, এ নিয়ে প্রশ্ন উঠছে। ফুটবল ব্যক্তিত্ব গোলাম সারোয়ার টিপু মনে করেন, ‘মোহামেডান বয়স্ক খেলোয়াড়দের নিয়েই ভুল করেছে।’ দলে কোনো টেকনিক্যাল লোক নেই বলেই পর্যবেক্ষণ জাতীয় দলের সাবেক এই কোচের, ‘দলে কোনো টেকনিক্যাল লোক নেই। নন-টেকনিক্যাল ম্যানেজার যখন সবকিছুর হর্তাকর্তা বনে যান, তখন সর্বনাশের আর বাকি থাকে কী!’

মোহামেডানকে লিগ জেতানো অধিনায়ক জুয়েল রানা মনে করেন, ‘এভাবে কোনো ফুটবল ক্লাব চলতে পারে না। মোহামেডানের মতো ক্লাবের কোনো কোচিং-স্টাফ নেই। ভাবতেও পারি না। সাংগঠনিক দুর্বলতায় জর্জরিত এই ক্লাব আগে মাথা ঠিক করতে হবে।’

সাবেকদের কথায় স্পষ্ট সাংগঠনিক অদক্ষতায় ডুবছে মোহামেডান। কিন্তু ক্লাবের মাথাদের এ নিয়ে কোনো হেল-দোল নেই। শীর্ষ কর্তাব্যক্তিরা নাকি মোহামেডানের ‘অতীত গৌরব ফেরাতে’ সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। সমর্থকদের মনে এখন প্রশ্ন, তাঁদের প্রিয় ক্লাবকে ডুবন্ত অবস্থা থেকে টেনে তোলার কি কেউই নেই!