মোহামেডানকে হারিয়ে শুরু চট্টগ্রাম আবাহনীর

শক্তির বিচারে মোহামেডান-চট্টগ্রাম আবাহনী ম্যাচে লড়াই হওয়ার কথা। লড়াই হয়েছেও। কিন্তু মোহামেডানের রক্ষণ দুর্বলতা কাজে লাগিয়ে চট্টগ্রাম আবাহনী জিতে গেছে ২-১ গোলে।
১৩ মাস আগে স্বাধীনতা কাপ দিয়ে গতবারের ফুটবল মৌসুম যখন শুরু, ক্ষয়িষ্ণু মোহামেডানের কাছে বিস্ময়করভাবে ৫-১ গোলে গুঁড়িয়ে যায় তারকায় ভরপুর চট্টগ্রাম আবাহনী। বছর ঘুরে সেই চট্টগ্রাম আবাহনীই কাল মধুর প্রতিশোধ নিল।
জ্বরের কারণে মাঝমাঠে ছিলেন না চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক মামুনুল। ভারপ্রাপ্ত অধিনায়ক উইঙ্গার জাহিদ, কৌশিকরা বুঝতে দেননি মামুনুলের অভাব। ২-০ গোলে এগিয়ে যাওয়া পর্যন্ত মাঝমাঠ জমাট রাখলেন তাঁরা। চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে নিয়েছিলেন সম্প্রতি শেখ কামাল টুর্নামেন্টে নেপালের মানাং মার্সিয়াংদির হয়ে ৫ গোল করা আফিজ। ৫৬ মিনিটে কৌশিক নিজেই বল কেড়ে নিয়ে ২-০- করলে ম্যাচটা হেলে পড়ল চট্টগ্রাম আবাহনীর দিকে। দুই গোলে পিছিয়ে মোহামেডান সর্বাত্মক আক্রমণে উঠে ৭৪ মিনিটে ২-১ করেছে। তকলিচ আহমেদ বক্সের বাইরে থেকে জোরালো শটে অন্তত ড্রয়ের আশা জাগান মোহামেডান টেন্টে।
অন্য ম্যাচে ফরাশগঞ্জকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে শেখ জামাল। এই সহজ জয় দিয়েই শেখ জামালে নিজের প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখলেন কোচ যোসেফ আপুসি। ফরাশগঞ্জ কোচ আবু ইউসুফের শীর্ষ স্তরে প্রত্যাবর্তন হলো হার দিয়ে।
১০ মিনিটে নাইজেরিয়ান মমোদৌ বাহ্’র পেনাল্টি গোলে করলেন প্রথম গোল। গত ফেডারেশন কাপের আগের দুটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলটি ২-০ করল ৫৭ মিনিটে। তাদের গোছানো আক্রমণ পোস্টে প্রতিহত, ফিরতি বল আলতো টোকায় জালে পাঠান দলে নবাগত নুরুল আবসার। শেষ বাঁশির ঠিক আগে আনিসুর রহমান করলেন ৩-০।