মোহামেডানে আগ্রহ নেই এমেকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহামেডানকে নিয়ে কোনো আগ্রহ নেই এমেকার। ফাইল ছবি
মোহামেডানকে নিয়ে কোনো আগ্রহ নেই এমেকার। ফাইল ছবি
>
  • এমেকা মোহামেডানের হয়ে খেলা সবচেয়ে জনপ্রিয় বিদেশি ফুটবলার।
  • ১৯৮৭ সালে এই নাইজেরীয় ফুটবলার মোহামেডানের হয়ে প্রথম খেলেন।
  • ১৯৮৯ পর্যন্ত তিনি সাদা-কালে জার্সিতে ঢাকার ফুটবলে খেলেছেন।
  • ৮৮-৮৯ মৌসুমেও মোহামেডানের লিগ জয়ে দুর্দান্ত ভূমিকা ছিল তাঁর।
  • ১৯৯৪ বিশ্বকাপে তিনি নাইজেরিয়ার হয়ে খেলেছেন।
  • ২০১২ সালে মোহামেডানের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ঢাকায় এসেছেন এমেকা ইজিউগো। সেই এমেকা ইজিউগো। আশির দশকে নিজের ফুটবলশৈলি দিয়ে যিনি মন জয় করেছিলেন মোহামেডান-সমর্থকদের। ১৯৮৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত যিনি আলোকিত করেছিলেন বাংলাদেশের ঘরোয়া ফুটবল। সে সময়টা ছিল মোহামেডানের স্বর্ণসময়। সেই এমেকাই ঢাকায় পা রেখে বললেন, মোহামেডান নিয়ে তাঁর নাকি কোনো আগ্রহই নেই।
নব্বইয়ের দশকের শুরুতে নিজের ফুটবল ক্যারিয়ারকে অন্য রকম উচ্চতায় তুলেছিলেন এই নাইজেরীয় ফুটবলার। খেলেছেন নাইজেরিয়া জাতীয় দলে। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে প্রথমবারের মতো আফ্রিকার প্রতিনিধি হিসেবে নাম লিখিয়েছিল নাইজেরিয়া। এমেকা ছিলেন বিশ্বকাপ স্কোয়াডের অন্যতম সদস্য।
এমেকা এবার ঢাকায় এসেছেন মোহামেডানের সমর্থক দল ‘মহাপাগলে’র আমন্ত্রণে। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর রামপুরার উলনে মহাপাগলের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমেকা শোনাবেন মোহামেডানের জার্সিতে তাঁর বিভিন্ন অভিজ্ঞতার গল্প।
মোহামেডানের সমর্থকদের আমন্ত্রণে ঢাকায় এসে খুশি নাইজেরীয় তারকা, ‘আমি সমর্থকদের টানেই এসেছি। মোহামেডান ক্লাব নিয়ে আমার কোনো আগ্রহ নেই।’
আগ্রহ না থাকাই স্বাভাবিক। নিজেদের সেরা সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়ের সঙ্গে সম্পর্কটা যে মোটেও ভালো রাখতে পারেনি মোহামেডান। ২০১২ সালে সাদা-কালো শিবিরের কোচ হিসেবে কিছুদিন কাজ করেছিলেন এমেকা। কিন্তু পারিশ্রমিকটাই বুঝে পাননি তিনি। দীর্ঘদিন চিঠি চালাচালির পর এমেকা পুরো বিষয়টি নিয়ে যান ফিফার দরবারে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার হুমকিতেই মোহামেডান শেষ পর্যন্ত এমেকার বকেয়া বুঝিয়ে দেয়। এমেকার পারিশ্রমিক নিয়ে নিষেধাজ্ঞার ঝুঁকিতেই পড়েছিল মোহামেডান।
১৯৮৭ সালে এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে মোহামেডানের হয়ে প্রথম খেলেন এমেকা। দীর্ঘদেহী এই ফুটবলার প্রথম দিন থেকেই আলাদা করে নজর কাড়েন ফুটবলপ্রেমীদের। শক্তিশালী শারীরিক গঠন, গতি, পায়ের কারুকাজ তো ছিলই, সেই সঙ্গে যুক্ত হয়েছিল আসুরিক গতির লম্বা থ্রো। কেবল এমেকার লম্বা থ্রো কাজে লাগিয়েই মোহামেডানের ফরোয়ার্ডরা গোল তুলে নিতেন একের পর এক। ইরানি কোচ নাসের হেজাজির সেই মোহামেডানে ইরানি ফুটবলার নালজেগার, বোরহানজাদেহ ও মোর্তজা ইয়েকির পাশে এমেকার উপস্থিতি মোহামেডানকে পরিণত করেছিল ইতিহাসের সেরা দলে। সেবার মোহামেডানের লিগ জয়ে এমেকার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। পরে মোহামেডানের জার্সিতে এশীয় পর্যায়ের ক্লাব ফুটবলেও তিনি ছিলেন অনন্য। ১৯৮৮-৮৯ মৌসুমেও মোহামেডানের লিগ শিরোপা জয়ে এমেকার অবদান ছিল দুর্দান্ত। ১৯৯০ সালে ঢাকার ফুটবলে বিদেশি ফুটবলার নিষিদ্ধ হলে এমেকা ইউরোপে খেলা শুরু করেন।