
বয়স আর কতই—মাত্র ১৮! গত মঙ্গলবার মানিকগঞ্জে খেলে গ্রামের বাড়ি মাগুরায় ফিরছিলেন। পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা অকালে নিভিয়ে দিয়েছে রাজীবুল হোসেনের জীবনপ্রদীপ। দুই মৌসুম আগে বাফুফের অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মোহামেডানের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই মিডফিল্ডার। কাল তাঁকে স্মরণ করলেন জসিমউদ্দিন জোসি। ছলছল চোখে মোহামেডান কোচ বললেন, ‘ওকেই এই জয়টা উৎসর্গ করলাম।’
চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে নেমে এল নীরবতা। রাজীবুলের আত্মাও হয়তো শান্তি পাবে। রুদ্রমূর্তি ধারণ করে তাঁর দল ৬-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কার সলিড এফসিকে। এর চেয়ে ভালোভাবে আর রাজীবুলকে শ্রদ্ধা জানাতে পারত না মোহামেডান।
আফগানিস্তানের স্পিন গর বাজানের সঙ্গে গোটা দশেক গোলের সুযোগ তৈরি করেও সাদাকালোরা হেরেছিল ১-০ গোলে। সেই হতাশা ভুলতে কাল শুরু থেকেই সলিডের ওপর ঝাঁপিয়ে প্রথম ৩২ মিনিটেই করে চার চারটি গোল! একক কোনো নৈপুণ্য নয়—ছয় গোল করলেন ছয়জন। গোল-প্লাবনে ভেসে গেল আগের ম্যাচে কলকাতা মোহামেডানকে হারানো শ্রীলঙ্কার চ্যাম্পিয়নরা।
কাল চার গোলের পর রেকর্ড-পত্র নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু হয়ে গেল প্রেসবক্সে। মোহামেডান যেভাবে আক্রমণাত্মক খেলছিল, অল্পের জন্যই তাদের সবচেয়ে বড় আন্তর্জাতিক জয়ের রেকর্ডটা অক্ষত থাকল।
মোহামেডানের আক্রমণের গভীরতা বাড়াতে বড় ভূমিকা রাখলেন মিডফিল্ডার মাসুক মিয়া জনি। তাঁর দৌড় এবং গতির ফলে সলিড রক্ষণের ভারসাম্য নষ্ট হওয়ায় ফাঁকা জায়গা পেয়ে যাচ্ছিলেন আগের ম্যাচে তিনটি সহজ সুযোগ হারানো স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন। ১০ মিনিটে জনির মাইনাস, লেফট উইঙ্গার ফয়সাল মাহমুদের প্লেসিংয়ে ১-০। ১৮ মিনিটে জীবনের ক্রসে জনির টোকায় ২-০। গোলের নেশায় বুঁদ মোহামেডান তৃতীয় গোল পেল ২৩ মিনিটে অধিনায়ক অরূপ বৈদ্যর কোনাকুনি শটে। ৩২ মিনিটে অরুপেরই ক্রস থেকে জীবনের আলতো শটে ৪-০।

বিরতির ঠিক আগে ৪-১। দুই ডিফেন্ডার ও গোলরক্ষক রানাকে কাটিয়ে সলিডের স্ট্রাইকার ওলায়েমি ব্যবধান কমালেন। সলিড যেন ভিমরুলের চাকে ঢিল ছুড়ল। বিরতির ২ মিনিটের মধ্যেই ফয়সাল মাহমুদের ভাসিয়ে দেওয়া বল হেডে গাম্বিয়ান স্ট্রাইকার লাসিনি কামারা করলেন ৫-১। ৭৬ মিনিটে দুই বদলি খেলোয়াড়ের যুগলবন্দীতে ৬-১। সবুজের সেন্টারে সোহাগের কোনাকুনি শটে আরও একবার উচ্ছ্বাসে ফেটে পড়ল এদিন তুলনামূলক বেশি দর্শকে প্রাণবন্ত এম এ আজিজের গ্যালারি।
তবে এই আনন্দ-সন্ধ্যাটা হরিয়ে বিষাদ হলো সোহেল রানার কাছে। প্রথমার্ধে চোট নিয়ে মোহামেডানের এই মিডফিল্ডারকে যেতে হয়েছে হাসপাতালে। কোচ জোসি সোহেল রানার জন্য দুঃখ করার ফাঁকে উচ্ছ্বাসেও বাঁধ দিতে পারছিলেন না, ‘বলেছিলাম তো, আমার ছেলেরা ঘুমন্ত। ওরা জেগে উঠেছে। আমি সত্যিই আজ গর্বিত।’
সলিড কোচ ডব্লু পি এস জামসিন রক্ষণভাগকেই বেশি দায় দিলেন। মোহামেডানের গোল-প্লাবনের সামনে তাঁর রক্ষণ যে বালির বাঁধের মতোই ভেঙে পড়ল হুড়মুড় করে!
অন্য ম্যাচে রুদ্ধশ্বাস ড্র
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সলিড এফসির কাছে হেরে যাওয়া কলকাতা মোহামেডান ঘুরে দাঁড়িয়েছে। আফগানিস্তানের ডি স্পিন গর বাজানের সঙ্গে কাল তিনবার পিছিয়েও শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করে ম্যাচটাকে নিয়ে গেছে ভিন্ন মাত্রায়। রুদ্ধশ্বাস লড়াইয়ে তীব্র গতি আর আক্রমণাত্মক ফুটবলের পসরাই যেন সাজিয়ে বসেছিল দুই দল। গত চার দিনে আট ম্যাচের মধ্যে এটিই সেরা ম্যাচ।
বিদেশি দলের বিপক্ষে মোহামেডানের বড় জয়
৮-০
প্রতিপক্ষ: ভ্যালেন্সিয়া (মালদ্বীপ)
১৯৯৩, ঢাকা, বাংলাদেশ
৮-০
প্রতিপক্ষ: ইলেকট্রিসিটি ক্লাব (লাওস)
১৯৯৬, ভিয়েনতিয়েন, লাওস
৭-২
প্রতিপক্ষ: ভিক্টরি ক্লাব (মালদ্বীপ)
১৯৮৯, ইস্পাহান, ইরান
৬-১
প্রতিপক্ষ: সলিড এফসি (শ্রীলঙ্কা)
২০১৫, চট্টগ্রাম, বাংলাদেশ
৫-০
প্রতিপক্ষ: ক্লাব ল্যাগুনস (মালদ্বীপ)
১৯৯০, ঢাকা, বাংলাদেশ
৬-২
প্রতিপক্ষ: মানাং মার্সিয়ানদি (নেপাল)
১৯৮৭, ঢাকা, বাংলাদেশ