মোহামেডানের ঘুরে দাঁড়ানোর বিকেল
আবাহনীর কাছে ৩ গোলে হারের ধাক্কা সামলে উঠেছে মোহামেডান। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে উড়িয়ে স্বস্তি নিয়েই আজ সন্ধ্যায় ক্লাবে ফিরেছে সাদা–কালোরা। জয়ের ব্যবধানটাও বড়—৪-১। দুই ম্যাচে এক জয়ে ফেডারেশন কাপের শেষ আটে যাওয়ার আশাও বেঁচে থাকল মোহামেডানের।
৪২ মিনিটে বক্সের সামনে থেকে হাবিবুর রহমানের (সোহাগ) বাঁ পায়ের দারুণ ফ্রি–কিকে প্রথম গোল পায় ঐতিহ্যবাহী দলটি। মুক্তিযোদ্ধার মানবদেয়ালের ফাঁক গলে বল সরাসরি জালে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে উপস্থিত কয়েক শ দর্শকের কাছে মনে রাখার মতো এক গোল।
তবে ৬৭ মিনিটে মুক্তিযোদ্ধা ১-১ করলে কিছু সময়ের জন্য ম্যাচ জমে উঠেছিল। মুক্তিযোদ্ধার ডিফেন্ডার সুজন মিয়ার লম্বা ফ্রি–কিক উড়ে গিয়েছিল মোহামেডান বক্সে। উড়ন্ত বলে দুরন্ত হেড দলটির উজবেক ফরোয়ার্ড আকবারাল খোলদ্রবের। গোলরক্ষকের বাঁ দিক দিয়ে বল জালে পাঠান তিনি। জয়সূচক গোলের জন্য এরপর ঝাঁপিয়ে পড়ে মোহামেডান। ৭৫ মিনিটে কর্নার থেকে আতিকুজ্জামানের মাথা ছুঁইয়ে স্কোরলাইন ২-১ করেন।
মোহামেডানের পরের দুটি গোল নবাগত নাইজেরিয়ান স্ট্রাইকার মোহামেদ আবিওলা নুরাতের। দুটি গোলেই থাকল দারুণ ফিনিশিংয়ের ছাপ। ৮০ মিনিটে বাঁ দিক থেকে সজীবের ক্রস ডান পায়ে নামিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ নুরাতের। তিন মিনিট পরই ৪-১। সজীবের সঙ্গে একবার বল দেওয়া–নেওয়া করে নুরাত ঢুকে যান বক্সে। এরপর নিখুঁত শটে লক্ষ্যভেদ। ৮ মিনিটে ৩ গোল করে মোহামেডান তখন রুদ্রমূর্তিতে। এই জয়ে বড় ভূমিকা রেখে নুরাত পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।
দুই দলের অধিনায়কই ছিলেন দুই জাপানি। মোহামেডানের উরু নাগাতা। মুক্তিযোদ্ধার উসুকে কাতো। দুজনই আবার মিডফিল্ডার। অলিখিতভাবে দুই স্বদেশির লড়াইয়ে কাতো অসহায়ভাবে দেখলেন দলের হার। মুক্তিযোদ্ধার অনুশীলন সেভাবে হয়নি। এবার দল গড়া হবে কি না, সে নিয়েও ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত মাঠে নামলেও মুক্তিযোদ্ধা ফুটবলারদের ফিটনেসের ঘাটতিটা ভালোভাবেই চোখে পড়েছে। ম্যাচের শেষ দিকে গতিতে আর তারা পারেনি মোহামেডানের সঙ্গে।
সমান ৩ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে এখন মোহামেডান ও আবাহনী। তবে আবাহনী এক ম্যাচ কম খেলেছে। বুধবার গ্রুপের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধা মুখোমুখি হবে আবাহনীর। এ ম্যাচ আবাহনী জিতলে তো কথাই নেই, এমনকি ড্র হলেও নকআউট পর্বে পা রাখবে মোহামেডান। মুক্তিযোদ্ধার সামনে কঠিন চ্যালেঞ্জ। শেষ আটে যেতে আবাহনীর বিপক্ষে তাদের জিততে হবে বড় ব্যবধানে।