মোহামেডানের জয় কাড়ল বিজেএমসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ের খুব কাছে গিয়ে ফিরে আসা যেকোনো দলের জন্যই হতাশার। সেই দলটি মোহামেডান হলে ফুটবল সমর্থকদের একটি বড় অংশের আফসোস বেড়ে যায় কয়েক গুন। আজ ঠিক তেমন আফসোসই হলো মোহামেডানের। ২-০ করেও মোহামেডান শেষ পর্যন্ত ২-২ ড্র করেছে পয়েন্ট টেবিলে তাদের প্রবল প্রতিদ্বন্দ্বী বিজেএমসির সঙ্গে। 

অথচ ম্যাচটা জেতার মতোই খেলেছে ঐতিহ্যবাহী মোহামেডান, যদিও তারা এগোচ্ছে পুরোপুরি তরুণদের কাঁধে চড়ে। তবে ডাগআউটে কোচের ভূমিকায় আজও যথারীতি তৎপর দেখা গেছে ম্যানেজার আমিরুল ইসলাম বাবুকে। কাগজ-কলমের কোচ মিজানুর রহমান ডনকে খুব একটা নড়াচড়া করতেও দেখা যায়নি।
এবার লিগে মোহামেডান পেয়েছে মাত্র দুটি জয়। তৃতীয় জয়ের খোঁজে আজ এম এ আজিজ স্টেডিয়ামে ৬৯ মিনিটে সবুজ ও ৭৫ মিনিটে বাঙ্গুরা গোল করে তিন পয়েন্টের কাছাকাছি নিয়ে যান সাদাকালোদের। কিন্তু ৮৪ মিনিটে এলিটা কিংসলে ও যোগ করার সময়ের দ্বিতীয় মিনিটে স্যামসন গোল করে নাটকীয়ভাবে ম্যাচে ফিরিয়ে আনেন বিজেএমসিকে। এই ড্রয়ে মোহামেডানের পয়েন্ট ১৪, বিজেএমসির ১৫। দুই দল আছে লিগ টেবিলের নবম ও দশম স্থানে।