মোহামেডানের জয়ে জিমির হ্যাটট্রিক
এবারের প্রিমিয়ার হকি লিগে মোহামেডানের ম্যাচ থাকলেই মাঠে গোলমাল আর বিশৃঙ্খলা দেখে আসছিল মওলানা ভাসানী হকি স্টেডিয়াম। তবে কাল শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে মোহামেডান-ওয়ারী ম্যাচ। মওলানা ভাসানী স্টেডিয়ামে মোহামেডান ৮-২ গোলে হারিয়েছে ওয়ারীকে।
যদিও একটি পেনাল্টির সিদ্ধান্তকে কেন্দ্র করে মাঠে কাল আম্পায়ারদের সঙ্গে মৃদু তর্কে জড়িয়েছিলেন মোহামেডান গোলরক্ষক জাহিদ। ওই পেনাল্টি স্ট্রোক থেকে অবশ্য গোল করতে পারেননি ওয়ারীর ইমরান। হিটটি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন জাতীয় দলের গোলরক্ষক জাহিদ। এর বাইরে ওয়ারীর মিকাসার সঙ্গে ঝগড়া হয় মোহামেডানের তাসওয়ার আব্বাসেরও। দুই দলের খেলোয়াড়দের মধ্যস্থতায় সেটি আর বেশি দূর গড়ায়নি।
আগের ম্যাচটিতেই মোহামেডান স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি রেলওয়ের বিপক্ষে করেছিলেন ১১ গোল। কালও হ্যাটট্রিক করেছেন জিমি। সালমান হোসেন ও তাসওয়ার করেছেন ২টি করে গোল। লালন করেছেন ১টি। ওয়ারীর দুটি গোলই ওবায়েদ হাসানের। এই জয়ে ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আবাহনীর সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে মোহামেডান। ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ঊষা।
দিনের অন্য ম্যাচে বাংলাদেশ স্পোর্টিং ৮-১ গোলে হারিয়েছে বাংলাদেশ রেলওয়েকে। জয়ী দলের শাহবাজ ও প্রিন্স ৪টি করে গোল করেছেন। রেলওয়ের গোলটি সাদ্দাম হোসেনের। ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। এ পর্যন্ত একটি ম্যাচও জেতেনি রেলওয়ে।
আজকের খেলা: অ্যাজাক্স-আজাদ, আবাহনী-বীমা (বেলা ২টা ও বিকেল ৪টা, হকি স্টেডিয়াম)।