২০ ম্যাচের লম্বা লিগ। দুই ম্যাচ শেষ হওয়া মানে মাত্রই দুই পা এগোনো। সে হিসাবে ভালোই এগোচ্ছে মোহামেডান। সত্যিকার অর্থে শিরোপা জয়ের চাপ নেই একদা ঢাকার ফুটবলের এই পরাশক্তির। তাই নির্ভার হয়ে খেলে প্রিমিয়ার লিগে নিজেদের উপস্থিতি প্রথম দুই ম্যাচে ভালোই জানান দিয়েছে মোহামেডান।
প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনী ৫-০ গোলে বিধ্বস্ত করে জসিমউদ্দিন জোসির দল বেশ আত্মবিশ্বাসী। সেটিকে কাজে লাগিয়ে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারা বিজেএমসিকে হারাল ২-০ গোলে। মোহামেডান ফরোয়ার্ডরা ঘাম ঝরানোর আগেই বিজেএমসির রক্ষণে ফাটল। পঞ্চম মিনিটেই ক্রস থেকে তৌহিদুল আলম সবুজের হেডে ১-০। আগের ম্যাচেও এক গোল করেছিলেন মোহামেডানের ‘নাম্বার টেন’। ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ। ইসমাইল বাঙ্গুরার থ্রু ধরে দারুণ গোল করেন তরুণ জুয়েল রানা। তাঁর মাপা শট জালে জড়াতেই জয়ের ব্যাপারে মোটামুটি নিশ্চিত হয়ে যায় মোহামেডান।
মোহামেডান খেলোয়াড়েরা তরুণ হওয়ায় ফিটনেস ভালো। গতির ওপর খেলছে। দ্রুত জায়গা নিতে পারছে বলে প্রতিপক্ষ রক্ষণ খেই হারাচ্ছে। তবে বড় দলের সঙ্গেই আসল পরীক্ষাটা হবে মোহামেডানের।
বিজেএমসি দলটা এবার বেশ ভঙ্গুর। প্রথম ম্যাচে ব্রাদার্সের সঙ্গে ড্রয়ের পর কাল হার। বিজেএমসির সাংগঠনিক সমস্যা প্রবল। এসব প্রভাব ফেলছে দলটির মাঠের খেলায়।
প্রথম দুই ম্যাচে মোহামেডানের পাশাপাশি জিতেছে শেখ জামাল ও মুক্তিযোদ্ধা। দুই ম্যাচে সাত গোল করে গোল গড়ে মোহামেডানই শীর্ষে! এটা চমকই বটে। আবাহনীর দুই ম্যাচে চার পয়েন্ট। শুরুতেই জমে ওঠার আভাস প্রিমিয়ার লিগ।