মোহামেডানের সুদিন ফেরানোর চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে পঞ্চম হয়েছে মোহামেডান। প্রিমিয়ার ফুটবলে কোনো রকমে অবনমন এড়িয়েছে সাদা-কালোরা। ১২ দলের পেশাদার লিগে মোহামেডান হয়েছে দশম। হকিতেও অবস্থা ভালো নয়—চতুর্থ হয়ে লিগ শেষ করেছে এবার। ক্রীড়াঙ্গনে যেন ‘কঙ্কালসার’ হয়ে পড়েছে মোহামেডান। ঐতিহ্যবাহী ক্লাবটিকে এভাবে আর দেখতে চান না এটির সাবেক-বর্তমান ফুটবলার, সমর্থক ও কর্মকর্তারা। গত সপ্তাহে রাজধানীর একটি হোটেলে ‘মহা-পাগল’ ব্যানারে এক হয়েছিলেন মোহামেডানের সাবেক খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকেরা।
মোহামেডানের দুর্দিন ঘোচাতে কাল ক্লাবে জরুরি সভায় বসেছিলেন সাবেক ও বর্তমান কর্মকর্তারা। সবার মুখে একই কথা, ‘মোহামেডানের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে।’ মোহামেডানের বর্তমান কমিটিকে চাপ দিয়ে ক্লাবের পথচলা সুন্দর করতেই মূলত এই উদ্যোগ।
মোহামেডানের সাবেক ফুটবলার বাদল রায় কাল সভা শেষে বললেন, ‘মোহামেডানের বর্তমান কার্যনির্বাহী পরিষদে যাঁরা আছেন তাঁরাসহ আগে যাঁরা পরিচালনার দায়িত্বে ছিলেন সবাই মিলে আজ সভায় বসেছিলাম। আমাদের সবার একটাই কথা, মোহামেডান যে বাজে সময় পার করছে, সেটা তাদের নামের সঙ্গে যায় না। আমরা সবাই একসঙ্গে বসে আলোচনা করেছি, যাতে আবারও সব খেলায় অংশগ্রহণ করতে পারি এবং চ্যাম্পিয়ন দল গড়তে পারি। কিন্তু এ জন্য আমাদের কাজ করার সুযোগ দরকার। বর্তমান সময়ে সেই সুযোগটা একদমই নেই। কিন্তু এভাবে মোহামেডানের মতো ক্লাব চলতে পারে না।’ কালকের সভায় অবশ্য আশু করণীয় ঠিক হয়নি, চূড়ান্ত কার্যকর সিদ্ধান্ত আরও কিছুদিন পর নেওয়া হবে বলে জানা গেছে।
কালকের সভায় আব্দুস সালাম মুর্শেদী ছাড়াও উপস্থিত ছিলেন ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি, বাদল রায়, রুম্মন বিন ওয়ালী সাব্বির, ইলিয়াস হোসেন, জাকারিয়া পিন্টু, সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় কামরুন নাহার ডানা, সাংবাদিক মোজাম্মেল বাবুসহ অনেকে।